কাতারে বিতর্কের চার বছর পর যুক্তরাষ্ট্র দলে রেইনার চমকপ্রদ ফেরা
আসন্ন বিশ্বকাপের জন্য সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ মরিসিও পচেত্তিনো। এই দলে জায়গা পেয়েছেন জিওভান্নি রেইনা। সবশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপে সাবেক কোচ গ্রেগ বেরাল্টারের সঙ্গে বিবাদে জড়িয়ে প্রায় দেশেই ফিরে যেতে বসেছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। সেই বিতর্কিত ঘটনার চার বছর পর আবারও বিশ্বকাপ দলে ডাক পেলেন তিনি।
গত নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে পচেত্তিনোকে মুগ্ধ করেছিলেন রেইনা। এরপর মার্চে বেলজিয়াম ও পর্তুগালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচ দুটিতে অবশ্য আমেরিকানরা হেরে গিয়েছিল।
এই বছরের শুরু থেকে ক্লাব পর্যায়ে খুব কম ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন রেইনা। জার্মান বুন্দেসলিগায় বরুশিয়া মনচেনগ্লাডবাখের হয়ে বদলি হিসেবে মাত্র আটটি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।
মঙ্গলবার নিউইয়র্কে এক অনুষ্ঠানের মাধ্যমে পচেত্তিনো দল ঘোষণা করেন। তবে এই দল নিয়ে খুব বেশি চমক বা কৌতূহল ছিল না। কারণ, আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার কয়েকদিন আগে থেকেই যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে পচেত্তিনোর দল নির্বাচনের বিস্তারিত তথ্য ফাঁস হয়ে গিয়েছিল।
প্রত্যাশিতভাবেই পচেত্তিনোর দলে ইউরোপভিত্তিক খেলোয়াড়দের আধিক্য দেখা গেছে। দলে আছেন এসি মিলানের ক্রিস্টিয়ান পুলিসিক, ইউভেন্তাসের ওয়েস্টন ম্যাককেনি ও মোনাকোর ফোলারিন বালোগানের মতো তারকারা। তাদের পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সুযোগ পেয়েছেন চারজন— টাইলার অ্যাডামস, ব্রেন্ডেন অ্যারনসন, ক্রিস রিচার্ডস ও অ্যান্টোনি রবিনসন।
এবারের বিশ্বকাপে 'ডি' গ্রুপে যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক। আগামী ১৩ জুন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে পচেত্তিনোর দল নিজেদের অভিযান শুরু করবে।
বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের স্কোয়াড:
গোলরক্ষক: ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিস, ম্যাট টার্নার
ডিফেন্ডার: ম্যাক্স আর্ফস্টেন, সার্জিনো ডেস্ট, অ্যালেক্স ফ্রিম্যান, মার্ক ম্যাকেঞ্জি, টিম রিম, ক্রিস রিচার্ডস, অ্যান্টোনি রবিনসন, মাইলস রবিনসন, জো স্কালি, অস্টন ট্রাস্টি
মিডফিল্ডার: টাইলার অ্যাডামস, সেবাস্টিয়ান বেরাল্টার, ওয়েস্টন ম্যাককেনি, ক্রিস্টিয়ান রোল্ডান, ব্রেন্ডেন অ্যারনসন, ক্রিস্টিয়ান পুলিসিক, জিওভান্নি রেইনা, মালিক টিলম্যান, টিমোথি উইয়াহ, আলেহান্দ্রো জেনদেয়াস
ফরোয়ার্ড: ফোলারিন বালোগান, রিকার্ডো পেপি, হাজি রাইট।