ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্নে আনচেলত্তির হাতে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে আবারও বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনতে ব্রাজিল এবার দায়িত্ব তুলে দিয়েছে এক ইউরোপিয়ানের হাতে। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির কাঁধেই এখন সেলেসাওদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

ব্রাজিল শেষবার বিশ্বকাপ জিতেছিল ২৪ বছর আগে, ২০০২ সালে। ঠিক একই ব্যবধান ছিল ১৯৭০ সালে পেলের হাতে জুলে রিমে ট্রফি জয়ের পর ১৯৯৪ সালে আবার বিশ্বচ্যাম্পিয়ন হতে তাদের অপেক্ষার সময়েও।

৬৬ বছর বয়সী আনচেলত্তির কাছে বিশ্বকাপে এখনও কিছু অপূর্ণতা রয়ে গেছে। আর ব্রাজিলও যেন নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত।

সম্প্রতি দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ বলেন, 'বিশ্বকাপ জেতা নিয়ে আমি আচ্ছন্ন নই। তবে এই মুহূর্তটা উপভোগ করার আনন্দ আর আবেগ আমার আছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় দলকে নেতৃত্ব দেওয়াটা বিশেষ কিছু।'

সাইডলাইনে শান্ত স্বভাব আর কৌশলগত বাস্তববাদিতার জন্য পরিচিত আনচেলত্তিকে অনেকেই তার প্রজন্মের সবচেয়ে সফল কোচ মনে করেন।

তিনি পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, এরমধ্যে দুবার এসি মিলানের হয়ে এবং তিনবার রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে। পাশাপাশি ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও স্পেনে লিগ শিরোপাও জিতেছেন।

গত বছর রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেন। ২০২২ বিশ্বকাপের পর তিনি দেশটির তৃতীয় স্থায়ী কোচ।

২০০২ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে পাঁচটি বিশ্বকাপে ব্রাজিল চারবার কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছে। কেবল একবার সেমিফাইনালে উঠেছিল, যখন ২০১৪ সালে নিজেদের মাটিতে জার্মানির কাছে ৭-১ গোলের ভয়াবহ হার দেখতে হয়েছিল।

২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হারের পর শেষ হয় তিতের অধ্যায়। এরপর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শুরুতে দায়িত্ব পান ফের্নান্দো দিনিজ। তবে তিনি টিকেছিলেন মাত্র ছয় ম্যাচ।

পরে আসেন দোরিভাল জুনিয়র। কিন্তু অভিজ্ঞ এই কোচের অধীনে ব্রাজিল ২০২৪ কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নেয়। এরপর গত মার্চে আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাছাইয়ে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়।

শেষ পর্যন্ত আঁচেলত্তির অধীনেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ব্রাজিল। যদিও দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের বাছাইপর্বে তারা পঞ্চম স্থানে শেষ করে, শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে।

নতুন কোচের অধীনে পরীক্ষামূলক বিভিন্ন ফরমেশনে খেলে ব্রাজিল এখন পর্যন্ত তিনটি জয়, একটি ড্র এবং দুটি হার দেখেছে। দুটি হার এসেছে জাপান ও ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে।
তবে আনচেলত্তি পুরো দল বদলে দেননি। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরু করা একাদশের আটজন এখনও তার স্কোয়াডে আছেন।

সেন্টার-ব্যাক এদের মিলিতাও চোটে ছিটকে গেছেন। একই কারণে নেই ফরোয়ার্ড রদ্রিগো ও এস্তেভাও। চেলসির জোয়াও পেদ্রোকেও রাখা হয়নি।

আনচেলত্তির ২৬ সদস্যের দলে ১০ জন খেলোয়াড়ের বয়স ত্রিশের বেশি। দলের গড় বয়সও প্রায় ২৯।

তবে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল নেইমারকে দলে রাখা। সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০২৩ সালের পর থেকে চোটের কারণে জাতীয় দলের হয়ে খেলেননি। তবু তাকে নিয়ে যাওয়া হচ্ছে চতুর্থ বিশ্বকাপে।