‘নেইমার এখন সার্কাসের অংশ,’ ব্রাজিল দল নিয়ে দুগারির মন্তব্য
তিন বছর পর ব্রাজিল দলে ফিরেছেন নেইমার। অনেকের কাছে এটি আবেগের প্রত্যাবর্তন, শেষ বিশ্বকাপে দেশের জার্সিতে তার শেষ নাচ। কিন্তু সবার চোখে বিষয়টি এতটা রোমান্টিক নয়। বরং নেইমারের প্রত্যাবর্তনকে 'ফ্রিক শো' বা এক ধরনের সার্কাস হিসেবে আখ্যা দিয়েছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি তারকা ক্রিস্তফ দুগারি।
২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি দলে রেখেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। দীর্ঘ ইনজুরি, ফিটনেস সংকট এবং তিন বছরের আন্তর্জাতিক বিরতির পর নেইমারের এই প্রত্যাবর্তন নিয়ে ফুটবল বিশ্বে চলছে তুমুল বিতর্ক।
বিশেষ করে দুগারি মনে করেন, নেইমারকে ঘিরে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তার ভেতরে লুকিয়ে আছে বিদ্রুপ। আরএমসি স্পোর্টে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক ফরাসি ফরোয়ার্ড বলেন, 'এই উদযাপনগুলো আসল নয়। নেইমারের দলে ফেরার পেছনে আমি গভীর এক বিদ্রুপ অনুভব করছি।'
তিনি আরও বলেন, “আমি শুনছি মানুষ বলছে, টুর্নামেন্ট শুরুর আগেই সে আবার চোটে পড়বে, অথবা তার ওজন বেড়ে গেছে। আমার মনে হয় অনেকেই তাকে এক ধরনের সার্কাসে পরিণত করছে। এটা আমাকে বিরক্ত করে। আর নেইমার নিজেও এতে ভূমিকা রাখছে।'
দুগারির মতে, নেইমারের মতো অতীতের এক তারকার ওপর আবার নির্ভর করতে হওয়াটাই প্রমাণ করে ব্রাজিল কতটা নিচে নেমে গেছে।
'আমি মনে করি না এটা ভালো সিদ্ধান্ত। নেইমারকে দলে নেওয়াই দেখায় ব্রাজিল কতটা অধঃপতনে গেছে। নেইমার এখন শুধু আরেকজন খেলোয়াড়, এমনটা ভাবা ভুল। আমি নিশ্চিত নই এই ছেলেটা এখনো দলকে কিছু দিতে পারবে কি না,' বলেন তিনি।
২০২৩ সালের পর এই প্রথম জাতীয় দলে ফিরছেন নেইমার। ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে ধীরে ধীরে ফিরেছেন প্রতিযোগিতামূলক ফুটবলে।
আগামী ২৭ মে গ্রাঞ্জা কোমারিতে অনুশীলন ক্যাম্প শুরু করবে ব্রাজিল দল। এরপর ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ‘গ্রুপ সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।