পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াডে রোনালদোসহ যারা আছেন

স্পোর্টস ডেস্ক

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। অনুমিতভাবেই সেখানে আছেন সৌদি ক্লাব আল নাসরের ৪১ বছর বয়সী মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

মঙ্গলবার ঘোষিত এই স্কোয়াডে চারজন গোলরক্ষক, নয়জন ডিফেন্ডার, ছয়জন মিডফিল্ডার ও আটজন ফরোয়ার্ড আছেন। ফিফার নিয়ম অনুসারে, প্রতিটি দলের স্কোয়াড হতে হবে ২৩ থেকে ২৬ সদস্যের। অর্থাৎ এই স্কোয়াড থেকে সর্বনিম্ন একজন বা সর্বোচ্চ চারজন থাকবেন না চূড়ান্ত দলে।

ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের সাবেক ফরোয়ার্ড রোনালদো রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। তবে শিরোপার নাগাল পাওয়া এখনও হয়নি ক্যারিয়ারের সায়াহ্নে থাকা এই পাঁচবারের ব্যালন ডি'অরজয়ীর। অধরা সোনালী ট্রফিটি ছুঁয়ে দেখার জন্য এটাই হতে যাচ্ছে সম্ভবত তার শেষ সুযোগ।

১৯৬৬ সালের আসরে তৃতীয় ও ২০০৬ সালের আসরে চতুর্থ স্থান পাওয়া পর্তুগিজদের স্কোয়াড তারকায় ঠাসা। পিএসজির ভিতিনিয়া, নুনো মেন্দেস, গনসালো রামোস ও জোয়াও নেভেসের পাশাপাশি আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস ও দিয়োগো দালোত, ম্যানচেস্টার সিটির বার্নার্দো সিলভা, রুবেন দিয়াস ও মাথেউস নুনেস এবং এসি মিলানের রাফায়েল লেয়াওয়ের মতো তারকারা।

আগামী ১১ জন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠেয় বিশ্বকাপের 'কে' গ্রুপে আছে পর্তুগাল। তাদের তিন প্রতিপক্ষ হলো কলম্বিয়া, উজবেকিস্তান ও ডিআর কঙ্গো। ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে মার্তিনেজের শিষ্যরা।

বিশ্বকাপের জন্য পর্তুগালের স্কোয়াড:

গোলরক্ষক: দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলিয়ো

ডিফেন্ডার: দিয়োগো দালোত, মাথেউস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, তমাস আরাউহো

মিডফিল্ডার: রুবেন নেভেস, স্যামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা

ফরোয়ার্ড: জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস, গনসালো রামোস ও ক্রিস্তিয়ানো রোনালদো।