আর্জেন্টিনার ৫৫ জনের প্রাথমিক তালিকায় নেই দিবালা
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সোমবার সকালে কোচ লিওনেল স্কালোনি ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করেন, যেখান থেকে পরে বেছে নেওয়া হবে চূড়ান্ত ২৬ জনকে। যেখানে জায়গা হয়নি পাওলো দিবালার মতো তারকা খেলোয়াড়ের।
আগামী ৩০ মে’র মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত দল জমা দিতে হবে। টুর্নামেন্ট শুরুর আগে কোনো খেলোয়াড় চোটে পড়লে এই প্রাথমিক তালিকা থেকেই বিকল্প নেওয়া হবে।
পাওলো দিবালা ছাড়া সবচেয়ে আলোচিত অনুপস্থিতির তালিকায় আছেন আনহেল কোরেয়া এবং ভালেন্তিন কাস্তেয়ানোস। দীর্ঘদিন জাতীয় দলের পরিকল্পনায় থাকা এই তিনজনকে এবার প্রাথমিক তালিকায়ই রাখা হয়নি। এর বদলে সুযোগ পেয়েছেন মাতেও পেলেগ্রিনো ও মাতিয়াস সুলে।
তালিকায় প্রত্যাশিত অনেক তারকার পাশাপাশি রয়েছে বেশ কিছু চমকও। এমন কয়েকজন ফুটবলারের নাম এসেছে, যাদের জাতীয় দলে আগে কখনও ডাকা হয়নি, কিন্তু স্কালোনির নজরে তারা অনেক দিন ধরেই ছিলেন।
গোলরক্ষকদের তালিকায় সবচেয়ে বড় বিস্ময় সান্তিয়াগো বেলত্রান। রিভার প্লেটের এই তরুণ গোলকিপার জায়গা পেয়েছেন ছয়জনের তালিকায়। যদিও তার সামনে আছেন অভিজ্ঞ এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেস এবং ফাকুন্দো কাম্বেসেস।
ডানপ্রান্তের রক্ষণেও রয়েছে নতুন কিছু বিকল্প। নাহুয়েল মোলিনা চোটে পড়ায় আগুস্তিন গিয়াই, কেভিন ম্যাক অ্যালিস্তার এবং নিকোলাস কাপালদোর নাম উঠে এসেছে আলোচনায়।
রক্ষণভাগে আরও চমক হিসেবে আছেন লাউতারো দি লোলো ও জায়েদ রোমেরো। অন্যদিকে সবশেষ ফিফা উইন্ডোতে ডাক পাওয়া তোমাস পালাসিওস জায়গা পাননি।
মিডফিল্ড ও আক্রমণভাগেও স্কালোনি চমকে দিয়েছেন। মিলতোন দেলগাদো এবং থোমাস আরান্দার মতো তরুণদের রাখা হয়েছে তালিকায়। বিশেষ করে আরান্দাকে নিয়ে স্কালোনি বেশ প্রশংসাও করেছেন।
এছাড়া আবারও ফিরেছেন গিদো রদ্রিগেজ, নিকোলাস দোমিঙ্গেজ, আনিবাল মোরেনো এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া। তালিকায় আছেন আলেহান্দ্রো গার্নাচো, ক্লাদিও এচেভেরি ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিও।
যদিও তালিকায় ৫৫ জনের নাম রয়েছে, বাস্তবে স্কালোনির হাতে খুব বেশি জায়গা ফাঁকা নেই। তৃতীয় গোলরক্ষক হিসেবে লড়াই চলছে হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেসের মধ্যে। বামপ্রান্তের ব্যাকআপ হিসেবেও সিদ্ধান্ত বাকি রয়েছে মার্কোস আকুনা ও গাব্রিয়েল রোহাসকে নিয়ে।
সবশেষে অবশ্য আলোচনার কেন্দ্রে আছেন একজনই, লিওনেল মেসি। বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ককে ঘিরেই আবারও বিশ্বমঞ্চে শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার ৫৫ জনের প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেস, ফাকুন্দো কাম্বেসেস ও সান্তিয়াগো বেলত্রান।
ডিফেন্ডার: আগুস্তিন গিয়াই, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, নিকোলাস কাপালদো, কেভিন ম্যাক অ্যালিস্তার, লুকাস মার্তিনেজ কোয়ার্তা, মার্কোস সেনেসি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, হার্মান পেসেয়া, লেওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লাউতারো দি লোলো, জায়েদ রোমেরো, ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো এবং গাব্রিয়েল রোহাস।
মিডফিল্ড: মাক্সিমো পেরোনে, লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, আনিবাল মোরেনো, মিলতোন দেলগাদো, আলান ভারেলা, এজেকিয়েল ফার্নান্দেস, রদ্রিগো দি পল, এক্সেকিয়েল পালাসিওস, এঞ্জো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্তার, জিওভানি লো সেলসো, নিকোলাস দোমিঙ্গেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং ভালেন্তিন বারকো।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকোলাস পাজ, ফ্রাঙ্কো মাস্তানতূয়োনো, থিয়াগো আলমাদা, থোমাস আরান্দা, নিকোলাস গনসালেস, আলেহান্দ্রো গার্নাচো, জুলিয়ানো সিমেওনে, মাতিয়াস সুলে, ক্লাদিও এচেভেরি, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, সান্তিয়াগো কাস্ত্রো, লাউতারো মার্তিনেজ, হোসে ম্যানুয়েল লোপেস, হুলিয়ান আলভারেজ এবং মাতেও পেলেগ্রিনো।