মাদ্রিদের জয়ে ইতিহাসের পথে সিনার

স্পোর্টস ডেস্ক

মাদ্রিদের মাটিতে ইতিহাস গড়েই থেমে থাকেননি ইয়ানিক সিনার। দুর্দান্ত এক জয়ের পরপরই ইতালিয়ান তারকার চোখ এখন আরও বড় অর্জনের দিকে, নিজের দেশ রোমে জিতে ‘গোল্ডেন মাস্টার্স’ পূর্ণ করা। সেটি করতে পারলে টেনিস ইতিহাসে নতুন এক উচ্চতায় পৌঁছাবেন তিনি।

২৪ বছর বয়সী সিনার রোববার মাদ্রিদে আলেকজান্ডার জভেরেভকে মাত্র ৫৭ মিনিটে ৬-১, ৬-২ সেটে উড়িয়ে দিয়ে টানা পঞ্চম মাস্টার্স ১০০০ শিরোপা জয়ের অনন্য কীর্তি গড়েছেন। এর আগে প্যারিস, ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি ও মন্টে কার্লো জয়ের ধারাবাহিকতায় এবার যুক্ত হলো মাদ্রিদ।

এখন তার সংগ্রহে নেই শুধু রোমের শিরোপা। সেটি জিততে পারলেই সিনার হয়ে উঠবেন ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড়, যিনি সবগুলো নয়টি মাস্টার্স ১০০০ শিরোপা জিতেছেন, যে কীর্তি বর্তমানে কেবল নোভাক জোকোভিচের ঝুলিতে রয়েছে।

মাদ্রিদে শিরোপা জয়ের পরই রোম নিয়ে নিজের আবেগের কথা জানাতে ভোলেননি সিনার। তার ভাষায়, 'নিজের দেশে খেলা সবসময়ই বিশেষ কিছু। শারীরিকভাবে আমি ভালো আছি, রোমে না খেলার কোনো কারণ নেই। সেখানে ফিরতে পারছি, এটা আমার জন্য দারুণ ব্যাপার।'

গত বছর রোমেই তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফিরেছিলেন সিনার, যদিও ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হেরে রানার্সআপ হতে হয়েছিল তাকে। সেই স্মৃতি এখনও তাজা, তবে এবার লক্ষ্য একধাপ এগিয়ে যাওয়া।

তবে এত সাফল্যের মাঝেও বাস্তবতা ভুলছেন না এই ইতালিয়ান তারকা। তার মতে, প্রতিটি টুর্নামেন্টই কঠিন, আর জয় পাওয়াটা কখনোই সহজ নয়। আপাতত তিনি মানসিকভাবে কিছুটা বিশ্রাম নিতে চান, কারণ একটি টুর্নামেন্টে নিজেকে উজাড় করে দেওয়ার পর সেই ক্লান্তি কাটানোও জরুরি।

এই মৌসুমে হার্ড কোর্ট ও ক্লে দুই জায়গাতেই নিজের আধিপত্য দেখানো সিনার স্বীকার করেছেন, প্রত্যাশার চাপও বাড়ছে প্রতিনিয়ত। তবুও অন্যদের সঙ্গে তুলনায় না গিয়ে নিজের সেরাটা দেওয়াতেই মনোযোগ রাখতে চান তিনি।