এবার উজবেকিস্তানের জালে বাংলাদেশের চার গোল
নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে বড় জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ দল। পাকিস্তানের পর উজবেকিস্তানকেও গোল বন্যায় ভাসিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা তিন জয়ে চ্যালেঞ্জার পুলে শীর্ষে ওঠার পথে দলটি।
চীনের ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর শহরে আজ উজবেকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে ২ জয়ে টেবিলের দুই নম্বরে থাকা কাজাখস্তান আগামীকাল খেলবে পাকিস্তানের বিরুদ্ধে।
চীনা তাইপে ও পাকিস্তানকে হারিয়ে উড়তে থাকা বাংলাদেশ আজ ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে। খেলার ৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন শাকিরা রিমন। এর কিছুক্ষণ পরই, অর্থাৎ ১৪তম মিনিটে লিমা আক্তারের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়।
দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে আর কোনো গোল হয়নি। তবে শেষ কোয়ার্টারে গিয়ে আবার গোল উৎসব করে বাংলাদেশ। দলের হয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন লিমা। এরপর ৫১তম মিনিটে শাকিরা রিমন পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করলে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।