এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ

হতাশ করলেন রবিউল, ১৫তম হয়ে বিদায়

ক্রীড়া প্রতিবেদক

ভারতের দিল্লিতে চলমান এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে হতাশ করেছেন বাংলাদেশের রবিউল ইসলাম। শুক্রবার পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে তিনি ১৫তম হয়েছেন। বাছাইপর্বে মোট ২২ জন শুটারের মধ্যে এই অবস্থানে থাকায় বিদায় নিশ্চিত হয়ে গেছে তার।

২০২৪ সালের প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া রবিউল বাছাইয়ে স্কোর করেছেন ৬২২.২। ফাইনাল রাউন্ডে ওঠার জন্য এই ইভেন্টের সেরা আটে থাকতে হতো। তবে তিনি অষ্টম স্থান থেকে ২.৪ পয়েন্ট পিছিয়ে ছিলেন। ভারতের বিশাল সিং ৬২৪.৬ স্কোর করে শেষ প্রতিযোগী হিসেবে ফাইনালে জায়গা করে নেন।

অনুশীলনে দারুণ ছন্দে ছিলেন এই বাংলাদেশি শুটার। প্র্যাকটিস সেশনে তিনি ৬২৮ থেকে ৬৩১ পর্যন্ত স্কোর তুলেছিলেন। কিন্তু মূল লড়াইয়ে সেই পারফরম্যান্স আর মেলে ধরতে পারেননি। এর আগে প্যারিস অলিম্পিকে ৬২৪.২ এবং বাকুতে ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৬২৯.২ স্কোর করেছিলেন তিনি।

এবারের এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ তাই রবিউলের জন্য একটি হতাশাজনক অভিজ্ঞতা হয়ে রইল। মূলত মাত্র তিন সপ্তাহের প্রস্তুতি নিয়ে তিনি এই টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন। প্যারিস অলিম্পিকের পর বাংলাদেশের শুটিংয়ের জন্য এটিই ছিল প্রথম বড় কোনো আন্তর্জাতিক আসর।

বাছাইপর্বে শীর্ষস্থান দখল করেছেন ভারতের  রুদ্রাঙ্কশ বালাসাহেব পাতিল। তিনি স্কোর করেন ৬৩২.১। আর ৬২৯.২ স্কোর নিয়ে দ্বিতীয় হয়েছেন কাজাখস্তানের নিকিতা শাখতোরিন।

নিরাপত্তা শঙ্কায় জাতীয় ক্রিকেট দলকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাওয়ার অনুমতি দেয়নি অন্তর্বর্তী সরকার। তবে দুই সদস্যের শুটিং দলের ক্ষেত্রে ভিন্ন অবস্থান নেয় তারা। এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুটার রবিউল ও কোচ শারমিন আক্তারকে অনুমতি দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।