ডাচ কোচিং স্টাফে যোগ দিচ্ছেন নিস্টেলরয়
আবারো কোচিংয়ে ফিরছেন কিংবদন্তি স্ট্রাইকার রুড ভ্যান নিস্টেলরয়। বিশ্বকাপকে সামনে রেখে নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলে কোচিং স্টাফে যোগ দিয়েছেন তিনি। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।
প্রধান কোচ রোনাল্ড কোমানের সহকারী হিসেবে কাজ করবেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ডাচ জাতীয় দলের সাবেক এই তারকা । ৪৯ বছর বয়সী ভ্যান নিস্টেলরয় আন্তর্জাতিক ক্যারিয়ারে নেদারল্যান্ডসের জার্সিতে ৭০ ম্যাচে করেছেন ৩৫ গোল। আসন্ন বিশ্বকাপে 'অরাঞ্জে'দের প্রস্তুতিতে তার অভিজ্ঞতাকে বড় শক্তি হিসেবেই দেখছে ডাচ ফুটবল।
নিয়োগের পর প্রতিক্রিয়ায় ভ্যান নিস্টেলরয় বলেন, 'ডাচ দলে এই ভূমিকায় ফিরে আসা এবং এই কোচিং স্টাফ ও প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে নেদারল্যান্ডসকে প্রতিনিধিত্ব করা আমার জন্য বিশাল সম্মান। এটি একই সঙ্গে দারুণ এক চ্যালেঞ্জ।'
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির কোচ হিসেবে দায়িত্ব পালন করা এই সাবেক গোলমেশিনকে দলে পেয়ে সন্তুষ্ট রোনাল্ড কোমানও। ডাচ কোচ বলেন, 'একজন খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই টুর্নামেন্ট ফুটবলে রুডের অভিজ্ঞতা অসাধারণ। তার সেই মূল্যবান অভিজ্ঞতা দলকে সাহায্য করবে বলে আমি আশাবাদী।'
বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে নেদারল্যান্ডস। পুরো গ্রুপ পর্বে অপরাজিত ছিল দলটি, যদিও পোল্যান্ডের বিপক্ষে ঘরে ও বাইরে ড্রই ছিল একমাত্র ধাক্কা। মূল পর্বে তাদের গ্রুপে রয়েছে জাপান ও তিউনিসিয়া। চতুর্থ দল হিসেবে জায়গা পাবে পোল্যান্ড, ইউক্রেন, সুইডেন ও আলবেনিয়ার মধ্য থেকে কোনো একটি দল।
২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় ও উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল নেদারল্যান্ডসকে। লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে সেই হার এখনও ডাচ সমর্থকদের মনে তাজা। এবার ভ্যান নিস্টেলরয়ের ফেরায় বিশ্বকাপ মঞ্চে নতুন স্বপ্ন দেখছে অরাঞ্জেরা।