বার্সেলোনার টানা ১১তম জয়ের আড়ালে টের স্টেগেনের বিদায়ঘণ্টা?

স্পোর্টস ডেস্ক

রেসিং সান্তানদারের বিপক্ষে প্রত্যাশিত জয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে লা লিগার পরাশক্তি বার্সেলোনা। স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দলটির বিপক্ষে কাতালানদের এমন ফল আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও এর গভীরে লুকিয়ে ছিল একটি স্পষ্ট বার্তা।

গতকাল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধে ফেরান তরেস ও লামিন ইয়ামালের লক্ষ্যভেদে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে বার্সা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা ১১তম জয়। দারুণ ছন্দে থাকা দলটির শুরুর একাদশে গোলরক্ষকের ভূমিকায় ছিলেন তরুণ স্প্যানিশ হোয়ান গার্সিয়া, যিনি পুরো ম্যাচই খেলেন।

কোপা দেল রের এই পর্যায়ে সাধারণত দলের প্রধান খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়। তবে জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে বেঞ্চে বসিয়ে রেখে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। তার বর্তমান পরিকল্পনায় টের স্টেগেন যে আর অপরিহার্য নন, সেটি এখন দিবালোকের মতো স্পষ্ট।

এই পরিস্থিতির ফলে ৩৩ বছর বয়সী অভিজ্ঞ এই গোলরক্ষক চরম চাপের মুখে পড়েছেন। নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য শীতকালীন দলবদল শেষ হওয়ার আগে তার হাতে সময় আছে মাত্র দুই সপ্তাহ। সাম্প্রতিক সময় পর্যন্ত বার্সার কাছে কেবল লা লিগার আরেক ক্লাব জিরোনার পক্ষ থেকে তার জন্য একটি প্রস্তাব এসেছিল। তবে সেটি এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তিতে রূপ নেয়নি।

সব মিলিয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, এবারের দলবদল চলাকালীনই টের স্টেগেন ন্যু ক্যাম্প ছাড়তে পারেন। তার ক্যারিয়ারের এই সন্ধিক্ষণে নিয়মিত মাঠে ও খেলার ছন্দে থাকা অত্যন্ত জরুরি— বিশেষ করে যখন কয়েক মাস পরই হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। জাতীয় দলে নিজের জায়গা ও ফর্ম ধরে রাখতে হলে তাকে এমন কোনো ক্লাবে যেতে হবে যেখানে তিনি নিয়মিত খেলার সুযোগ পাবেন।

কোপা দেল রে ছিল টের স্টেগেনের জন্য নিজের হারানো আত্মবিশ্বাস ও ছন্দ ফিরে পাওয়ার সেরা মঞ্চ। কিন্তু স্বদেশি কোচ ফ্লিক সেখানেও তাকে উপেক্ষা করায় বোঝা যাচ্ছে, বার্সায় তার খেলার সম্ভাবনা এখন আর নেই বললেই চলে।

বেঞ্চে বসে থেকে বিশ্বকাপের মতো বড় আসরের জন্য নিজেকে প্রস্তুত করা অসম্ভব। তাই চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানদের মূল একাদশে জায়গা পাওয়ার যে স্বপ্ন টের স্টেগেন দেখছেন, কাতালানদের ডেরায় তার বর্তমান নড়বড়ে পরিস্থিতির সাথে তা সরাসরি সাংঘর্ষিক।