ট্রান্সফার লাইভ: মার্তিনেল্লি, গাকপো, বালদে, ওয়াটকিন্স, মাতেতা, বারকোলা

স্পোর্টস ডেস্ক

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শুরুর পথে। তবে এরমধ্যেই বেজে উঠতে শুরু করেছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করতে ব্যস্ত হয়ে উঠেছে ক্লাবগুলো। অনেক তারকা খেলোয়াড় চুক্তি নবায়ন করে থেকে যাবেন পুরনো ক্লাবে। আবার কেউ পাড়ি জমাবেন নতুন ঠিকানায়।

শুধু তারকা খেলোয়াড় নয়, পাশাপাশি উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াচ্ছে ক্লাবগুলো। ফলে প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন গুঞ্জন। যার কিছু সত্যি হবে। আবার কিছু মিলিয়ে যাবে গুঞ্জন আকারেই। তবে আগামী গ্রীষ্মকালীন দলবদল শেষ পর্যন্ত প্রতিদিনের এই সকল খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

মার্তিনেল্লিকে নিয়ে আশাবাদী আল-হিলাল

গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে দলে ভেড়ানোর ব্যাপারে এখনো আত্মবিশ্বাসী আল-হিলাল। ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সৌদি ক্লাবটির সঙ্গে ব্রাজিলিয়ান উইঙ্গারের আলোচনা ভালোভাবেই এগোচ্ছে, যদিও এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। আর্সেনালের প্রথম দুই ম্যাচের কোনোটিতেই স্কোয়াডে না থাকায় মার্তিনেল্লির বিদায় এখন অনেকটাই নিশ্চিত বলেই মনে হচ্ছে।

ওয়াটকিন্সের বিকল্প হিসেবে মাতেতাকে চায় ভিলা

অলি ওয়াটকিন্সের ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ায় ক্রিস্টাল প্যালেসের স্ট্রাইকার জ্যাঁ-ফিলিপ মাতেতাকে দলে ভেড়ানোর চেষ্টা করছে অ্যাস্টন ভিলা। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ভিলা ইতোমধ্যে প্রস্তাব দিয়েছে, তবে প্যালেসের চাওয়া মূল্যের তুলনায় সেই প্রস্তাব এখনো অনেক কম।

আনুষ্ঠানিকভাবে টটেনহামের সাভিনিও

ম্যানচেস্টার সিটি ছেড়ে আনুষ্ঠানিকভাবে টটেনহামে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনিও। লন্ডনের ক্লাবটি তার দলবদলের ঘোষণা দিয়েছে। গ্রীষ্মের দলবদলের শেষ দিকে এসে আরও এক বড় সংযোজন ঘটিয়ে স্কোয়াড শক্তিশালী করল টটেনহাম।

আল-হিলালের আরও কাছে ওয়াটকিন্স

অলি ওয়াটকিন্সকে পাওয়ার আশা ছাড়েনি আল-হিলাল। দিয়েগো পিকো জানিয়েছেন, সৌদি ক্লাবটির দ্বিতীয় প্রস্তাব এখনো অ্যাস্টন ভিলার চাওয়া মূল্যে পৌঁছায়নি, তবে সেই অঙ্কের খুব কাছাকাছি চলে গেছে। ভিলা দীর্ঘদিন ধরেই ওয়াটকিন্সকে ধরে রাখতে চেয়েছে, ফলে শেষ মুহূর্তে দলবদলটি কোন দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়।

বারকোলাকে হারানোর আশঙ্কায় পিএসজি

ব্র্যাডলি বারকোলাকে নিয়ে পিএসজির ভেতরে এখন অনেকটাই হতাশা। ইংলিশ সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, প্যারিসের ক্লাবটি ধরে নিয়েছে দলবদল শেষ হওয়ার আগেই ফরাসি উইঙ্গারকে হারাতে পারে তারা। বারকোলাকে নিয়ে লিভারপুলের সঙ্গে আলোচনা এখনো চলছে এবং শেষ মুহূর্তে চুক্তি হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

বার্সা ছাড়ার সিদ্ধান্ত বালদের

আলেহান্দ্রো বালদের ভবিষ্যৎ নিয়ে এবার বড় সিদ্ধান্ত এসেছে। জোয়াও ক্যানসেলোর আগমনের পর দলে নিজের অবস্থান বদলে যাওয়ায় বার্সেলোনা ছাড়তে চান স্প্যানিশ লেফট-ব্যাক। জর্জে মেন্দেস ও দেকো ইতোমধ্যে তার জন্য নতুন ক্লাব খোঁজার কাজ শুরু করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড আপাতত বালদেকে ধারে নেওয়ার সম্ভাবনা বিবেচনা করছে।

গাকপোর দৌড়ে এবার ম্যানচেস্টার সিটি

টটেনহামের পাশাপাশি কোডি গাকপোর প্রতি আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার সিটিও। টকস্পোর্ট জানিয়েছে, লিভারপুলের এই ডাচ ফরোয়ার্ডকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সিটি। তবে এখনো লিভারপুলের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি ইংলিশ চ্যাম্পিয়নরা।

৫ কোটি ইউরোতে ডেলাপকে চায় নটিংহাম

চেলসি ছেড়ে নটিংহাম ফরেস্টে যাওয়ার খুব কাছাকাছি লিয়াম ডেলাপ। নিকোলো শিরা জানিয়েছেন, প্রায় ৫ কোটি ইউরো মূল্যের এই দলবদল নিয়ে দুই পক্ষের মধ্যে অগ্রগতি হয়েছে। স্ট্রাইকারটির সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তির বিষয়ে নীতিগত সমঝোতাও হয়ে গেছে।

১০ কোটি ইউরোতে ইতিহাস গড়ছেন বুয়াদ্দি

লিলের ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দির ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া এখন সময়ের অপেক্ষা। লা’কিপ জানিয়েছে, দলবদলটির মূল্য হবে ১০ কোটি ইউরো, যা বিদেশি কোনো ক্লাবের কাছে লিগ ওয়ান থেকে কোনো খেলোয়াড় বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড। বুয়াদি ইতোমধ্যে সিটির মেডিকেল সম্পন্ন করেছেন এবং দুই ক্লাবের প্রয়োজনীয় কাগজপত্রেও স্বাক্ষর হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

লাইপজিগে ফিরছেন এনকুনকু

এসি মিলান থেকে সাবেক ক্লাব আরবি লাইপজিগে ফেরার পথে ক্রিস্তোফার এনকুনকু। স্কাই স্পোর্টস জার্মানি জানিয়েছে, ফরাসি ফরোয়ার্ডের মেডিকেলের প্রথম ধাপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চুক্তিটি হবে ৩০ লাখ ইউরোর ধারে, সঙ্গে ২ কোটি ৮০ লাখ ইউরোতে স্থায়ীভাবে কেনার সুযোগ থাকবে। এনকুনকুর বেতনের অংশ মিলান ও লাইপজিগ যৌথভাবে বহন করবে।