প্রীতি ম্যাচে মাঠে লুটিয়ে পড়া এরিকসেন এখন ‘ভালো আছেন’
ইউক্রেনের সঙ্গে ডেনমার্কের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠে লুটিয়ে পড়েছিলেন উলফসবার্গের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। হাসপাতালে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
ম্যাচের ৬৫তম মিনিটে ৩৪ বছর বয়সী এরিকসেন হঠাৎ মাঠে জ্ঞান হারিয়ে পড়ে যান। তবে মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি নিজেই হেঁটে মাঠ ছাড়েন। এই ঘটনার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ডেনমার্ক জাতীয় দলের চিকিৎসক মর্তেন বোসেন এরিকসেনের শারীরিক অবস্থা নিয়ে স্বস্তির খবর দিয়েছেন। তিনি বলেন, 'ক্রিশ্চিয়ান ভালো আছেন এবং তিনি নিজেই হেঁটে মাঠ থেকে বেরিয়েছেন।'
বোসেন আরও যোগ করেন, 'আমার মনে হয়েছে, পেসমেকারটি ঠিকঠাক কাজ করেছে। তিনি অল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েছিলেন, তবে খুব দ্রুতই জ্ঞান ফিরে পান। আমরা তখনই তার সঙ্গে কথা বলতে পেরেছি।'
এর আগে ২০২১ সালের ইউরো কাপে ফিনল্যান্ডের সঙ্গে ম্যাচ চলাকালীন কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন এরিকসেন। এরপর তার শরীরে ‘আইসিডি’ (এক ধরনের পেসমেকার) বসানো হয়।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দুই দলের খেলোয়াড়রা মাঠ ছাড়ার সময় করতালি দিয়ে দর্শকদের ধন্যবাদ জানান।
ডাক্তার বোসেন বলেন, 'ঠিক কী কারণে এমনটা ঘটল, তা নিশ্চিত হতে হাসপাতালে তার আরও কিছু পরীক্ষা করা দরকার। আমরা তার এবং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। ক্রিশ্চিয়ান ভালো আছেন এবং তিনি দলের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন যে তিনি ঠিক আছেন।'
চলতি মৌসুমে ভিএফএল উলফসবার্গের হয়ে বুন্দেসলিগার সবকটি (৩৪টি) ম্যাচই খেলেছেন এরিকসেন। আর ডেনমার্কের জার্সিতে এটি ছিল তাঁর ১৫১তম ম্যাচ।