৫ বছর পর শিরোপার স্বাদ পেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

অবশেষে দীর্ঘ পাঁচ বছরের শিরোপাখরা কাটালেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার জোড়া গোলেই ২০২৫-২৬ মৌসুমের সৌদি প্রো লিগের শিরোপা জিতেছে আল-নাসর। বৃহস্পতিবার রাতে দামাককে ৪-১ গোলে হারিয়ে লিগের শিরোপা নিশ্চিত করে জর্জ জেসুসের দল।

ম্যাচের শুরু থেকেই চাপে ছিল আল-নাসর। গত সপ্তাহে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ফাইনালে গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হারের পর সমর্থকদের প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া। কারণ শেষ ম্যাচে জিততে না পারলে শিরোপা চলে যেত চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের হাতে।

তবে বড় ম্যাচে অভিজ্ঞতার প্রমাণ দিয়েছেন রোনালদোরা। ৩৫ মিনিটে সাবেক লিভারপুল তারকা সাদিও মানের শক্তিশালী হেডে এগিয়ে যায় আল-নাসর। বিরতির পর ব্যবধান আরও বাড়ান সাবেক বায়ার্ন মিউনিখ উইঙ্গার কিংস্লে কোমান। বক্সের ডান পাশে দারুণ ওয়ান-টু খেলে দুর্দান্ত শটে বল জালে জড়ান তিনি।

এরপর পেনাল্টি থেকে মরলে সিল্লার গোলে ম্যাচে ফেরার আশা দেখেছিল দামাক। কিন্তু শেষ কথা বলেন রোনালদোই। বাঁ দিকের টাচলাইনের কাছ থেকে নেওয়া তার নিচু ফ্রি-কিক কয়েকজন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে সরাসরি জালে ঢুকে গেলে উৎসবে ফেটে পড়ে গ্যালারি। ম্যাচের শেষদিকে কাছ থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটিও করেন এই পর্তুগিজ তারকা।

এই জয়ে আল-হিলালের আল-ফাইহার বিপক্ষে ১-০ ব্যবধানের জয় অর্থহীন হয়ে যায়। দুই পয়েন্ট ব্যবধানে শীর্ষে থেকেই মৌসুম শেষ করে আল-নাসর। ২০১৯ সালের পর এবারই প্রথম সৌদি প্রো লিগের শিরোপা ঘরে তুলল ক্লাবটি।

২০২৩ সালের জানুয়ারিতে আল-নাসরে যোগ দেওয়ার পর এটিই রোনালদোর প্রথম বড় শিরোপা। এর আগে তিনি শুধু আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছিলেন, যেটিকে আনুষ্ঠানিক বড় প্রতিযোগিতা হিসেবে ধরা হয় না। ক্লাব ফুটবলে তার সর্বশেষ বড় ট্রফি ছিল ২০২১ সালে জুভেন্টাসের হয়ে জেতা কোপা ইতালিয়া। এবার সেই দীর্ঘ অপেক্ষারও অবসান হলো।