এবার ভালভার্দেকে মেরে হাসপাতালে পাঠালেন চুয়ামেনি!

স্পোর্টস ডেস্ক

মৌসুমের সবচেয়ে অস্থির সময় পার করছে রিয়াল মাদ্রিদ। মাঠের হতাশাজনক পারফরম্যান্সের সঙ্গে এবার যোগ হয়েছে ড্রেসিংরুমের বিস্ফোরক পরিস্থিতি। এবার উত্তেজনার কেন্দ্রে ফেদেরিকো ভালভার্দে এবং অরেলিয়েন চুয়ামেনি। নতুন করে আবারও মারামারিতে জড়িয়েছেন তারা, এমনকি ভালভার্দেকে যেতে হয়েছে হাসপাতালেও।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, বৃহস্পতিবার সকালে অনুশীলনে চুয়ামেনির সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান ভালভার্দে। সেখান থেকেই শুরু হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ, যা শেষ পর্যন্ত ড্রেসিংরুমে ভয়াবহ ঝামেলায় রূপ নেয়।

সূত্রগুলোর মতে, অনুশীলন শেষে দুই তারকার মধ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কয়েকজন সতীর্থকে হস্তক্ষেপ করতে হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে ভালভার্দে গুরুতর চোট পান। তার শরীরে গভীর আঘাতের পাশাপাশি কেটে যাওয়ার ঘটনাও ঘটে, যার কারণে দ্রুত হাসপাতালে নিতে হয় তাকে। পরে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।

ঘটনার গুরুত্ব এতটাই বেশি ছিল যে ড্রেসিংরুমে জরুরি বৈঠক ডাকতে বাধ্য হয় ক্লাব কর্তৃপক্ষ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রিয়ালের শীর্ষ কর্মকর্তা হোসে অ্যাঞ্জেল সানচেজ। একই সঙ্গে দুই খেলোয়াড়ের বিরুদ্ধেই শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

সংবাদ অনুযায়ী, বৈঠক চলাকালে কোনো খেলোয়াড়কেই ট্রেনিং গ্রাউন্ড ছাড়তে দেওয়া হয়নি। ক্লাবের লক্ষ্য এখন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং ড্রেসিংরুমে বাড়তে থাকা বিভাজন থামানো।

জানা গেছে, দলের অনেক খেলোয়াড়ই কোচ আলভারো আরবেলোয়ার নেতৃত্ব পদ্ধতিতে অসন্তুষ্ট। তার দল পরিচালনার ধরন নিয়ে ভেতরে ভেতরে ক্ষোভ বাড়ছে, যা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। ফলে মৌসুমের শেষভাগে এসে শিরোপার লড়াইয়ের চেয়ে ড্রেসিংরুমের সংকটই যেন বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।