সিরি আয় ছয় মৌসুমে তৃতীয় শিরোপা ইন্টার মিলানের
এক বছর আগেও হতাশা আর ভাঙনের ধাক্কায় দিশেহারা ছিল ইন্টার মিলান। শিরোপা হাতছাড়া, ইউরোপের মঞ্চে বিব্রতকর হারে ক্লাবজুড়ে ছিল অনিশ্চয়তার ছায়া। কিন্তু সময় বদলাতে বেশি দেরি হয়নি। দৃঢ় মানসিকতা আর নতুন কোচের হাত ধরে আবারও ইতালির ফুটবলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করল নেরারুজ্জিরা। জিতে নিল ছয় মৌসুমে তৃতীয় সিরি আ শিরোপা।
রোববার সান সিরোতে পারমার বিপক্ষে ২-০ গোলের জয়েই শিরোপা নিশ্চিত করে ইন্টার। উচ্ছ্বাসে ভাসা গ্যালারির সামনে প্রথমার্ধের শেষ মুহূর্তে মার্কুস থুরামের নিখুঁত সাইড-ফুটেড ফিনিশ দলকে এগিয়ে দেয়। এরপর দ্বিতীয়ার্ধে হেনরিখ মিখিতারিয়ানের গোলে জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে শিরোপাও চলে আসে ইন্টারের দখলে।
লিগে এখনো তিন ম্যাচ বাকি থাকলেও দ্বিতীয় স্থানে থাকা গতবারের চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে ১২ পয়েন্ট এবং তৃতীয় স্থানের এসি মিলানের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা জিতেছে ইন্টার। এটি ক্লাবটির ইতিহাসে ২১তম ইতালিয়ান লিগ শিরোপা।
গত মৌসুমের তিক্ত স্মৃতি ভুলে নতুন করে ঘুরে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বড় অবদান কোচ ক্রিস্টিয়ান কিভুর। গত গ্রীষ্মে দায়িত্ব নেওয়ার সময় অনেকের কাছেই তিনি ছিলেন প্রায় অনভিজ্ঞ এক নাম। কিন্তু ধীরে ধীরে দলকে নতুন করে গড়ে তুলে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছেন এই সাবেক ইন্টার খেলোয়াড়।
মাত্র এক বছর আগে, ২০২৫ মৌসুমে মাত্র এক পয়েন্টের ব্যবধানে শিরোপা হারানোর কষ্ট আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইনের কাছে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার দুঃস্বপ্ন এখন অতীত। সেই ধ্বংসস্তূপ থেকেই ঘুরে দাঁড়িয়ে আবারও শীর্ষে উঠেছে ইন্টার মিলান।
সিমোনে ইনজাগির বিদায়ের পর কিভুর নিয়োগ অনেকের কাছেই ছিল বিস্ময়কর সিদ্ধান্ত। ইনজাগি চার মৌসুমে ছয়টি ট্রফি জিতিয়ে এবং দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলে ক্লাব ছাড়েন সৌদি আরবের প্রলোভনে। তবে কিভু ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে দলকে নতুন প্রাণ দিয়েছেন, যার ফল মিলেছে এই শিরোপা জয়ে।
তবে এতেই থেমে থাকার সুযোগ নেই ইন্টারের। ইতিহাসে তৃতীয়বারের মতো লিগ ও কাপ ডাবল জয়ের সুযোগও রয়েছে তাদের সামনে। আগামী ১৩ মে রোমের অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়ার ফাইনালে লাৎসিওকে হারাতে পারলেই সেই কৃতিত্ব অর্জন করবে দলটি।