আরও শক্ত হয়ে ফিরবেন একিটিকে, বিশ্বাস লিভারপুল কোচের
মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে হঠাৎ করেই এক নির্মম আঘাত নেমে এলো লিভারপুল শিবিরে। এক মুহূর্তে যেন থমকে গেছে ভবিষ্যতের গতি। তবুও বিশ্বাস হারাচ্ছেন না কোচ আর্নে স্লট। তার দৃঢ় ধারণা, এই ধাক্কাই একদিন আরও শক্ত করে ফিরিয়ে আনবে হুগো একিটিকেকে।
চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিদায়ের ম্যাচে সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যায় ২৩ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ডের। এতে শুধু মৌসুমই শেষ হয়নি, প্রায় নিশ্চিত হয়ে যাওয়া বিশ্বকাপ খেলার স্বপ্নটাও ভেঙে গেছে তার। অন্তত নয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে, যা যেকোনো তরুণ ফুটবলারের জন্যই এক কঠিন পরীক্ষা।
এই পরিস্থিতিকে 'ধ্বংসাত্মক' বলে আখ্যা দিলেও, স্লট আশাবাদী। তার মতে, ক্যারিয়ারের শুরুতেই এমন চ্যালেঞ্জ অনেক বড় শিক্ষা হয়ে উঠতে পারে। 'অনেক খেলোয়াড় আছে যারা এমন ইনজুরি কাটিয়ে আরও শক্ত হয়ে ফিরেছে। আমি শতভাগ নিশ্চিত, একদিন একিটিকে নিজেই বলবে, এই ইনজুরিই তাকে আরও শক্তিশালী করেছে,' বলেছেন তিনি।
এই মৌসুমে £৬৯ মিলিয়নে এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্ট থেকে লিভারপুলে যোগ দিয়ে ১৭ গোল করেছিলেন একিটিকে। পারফরম্যান্সের ধারাবাহিকতায় দিদিয়ের দেশমের দলে বিশ্বকাপের জন্য জায়গা পাওয়া প্রায় নিশ্চিত ছিল তার। কিন্তু ভাগ্য যেন অন্য গল্প লিখল।
একিটিকের অনুপস্থিতি লিভারপুলের জন্যও বড় ধাক্কা। প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে থাকা দলটি এখনো চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্য অবস্থানে থাকলেও, সামনে রয়েছে কঠিন সূচি, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলার মতো প্রতিপক্ষ অপেক্ষা করছে শেষ ছয় ম্যাচে। আর শহর প্রতিদ্বন্দ্বী এভারটনও ব্যবধান কমিয়ে চাপ বাড়ানোর সুযোগ পাচ্ছে।
তবে কিছুটা স্বস্তির খবরও আছে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন আলেকজান্ডার ইসাক। যদিও পুরোপুরি ফিট না থাকায় এখনো ৯০ মিনিট খেলার মতো অবস্থায় নেই, তবুও তার উপস্থিতি আক্রমণভাগে কিছুটা ভারসাম্য এনে দিচ্ছে।
দুই স্ট্রাইকারের জন্য বিপুল অর্থ খরচ করা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, সেটির জবাবও দিয়েছেন স্লট। 'অনেকে প্রশ্ন তুলেছিল কেন আমরা দুই নম্বর নাইন কিনলাম। এখন দেখুন, যদি একজনই থাকত, তাহলে কী হতো!'