'বায়ার্ন ম্যাচই নির্ধারণ করবে রিয়ালের ভাগ্য'
বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য কার্যত এ মৌসুমের ভাগ্য নির্ধারণী হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। স্প্যানিশ লিগে আশানুরূপ অবস্থানে না থাকায় বুধবারের এই ম্যাচটিকে ‘ফাইনাল’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
গত মৌসুমটি শিরোপাশূন্য কাটানো রিয়াল এবারও বড় কোনো ট্রফি ছাড়া মৌসুম শেষ করার শঙ্কায় রয়েছে, তাই চ্যাম্পিয়ন্স লিগই এখন তাদের জন্য শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিকে থাকার শেষ সুযোগ। প্রথম লেগে নিজেদের মাঠে ২-১ গোলে পিছিয়ে থাকায় সেমিফাইনালে যেতে হলে মিউনিখের মাঠে রিয়ালকে জয়ের কোনো বিকল্প নেই।
মিউনিখে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ২২ বছর বয়সী বেলিংহ্যাম বলেন, ঘরোয়া লিগ এবং কাপের যা পরিস্থিতি, তাতে বুধবারের ম্যাচটি তাদের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে থাকা এবং কোপা দেল রেতে দ্বিতীয় সারির দল আলবাসেতের কাছে হেরে বিদায় নেওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগই এখন তাদের সবটুকু মনোযোগের কেন্দ্রবিন্দু।
এই পরিস্থিতিকে সামনে রেখে বেলিংহ্যাম বলেন, 'লিগ ও কাপের বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে আগামীকালের ম্যাচটি আমাদের জন্য আক্ষরিক অর্থেই একটি ফাইনাল। আমরা এমন এক অবস্থানে আছি যেখানে আমরা নিজেদের টিকিয়ে রাখার লড়াই করছি; আমরা স্রেফ সুযোগগুলো হাতছাড়া হতে দিতে পারি না।'
বেলিংহ্যামের মতে, চ্যাম্পিয়ন্স লিগে পরাজয় মানেই এক বিশাল বিপর্যয়। এই একটি ম্যাচের ওপরই এখন সবকিছু নির্ভর করছে এবং তাদের ‘সব হারানো বা জেতার’ মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে জানিয়ে বলেন, 'আমাদের বিশ্বাস করতে হবে যে এটিই শেষ সুযোগ। লিগে আমরা অনেক পয়েন্ট হারিয়েছি, তবে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে পারলে লিগের সেই হতাশাগুলো দ্বিতীয় সারিতে চলে যাবে।'
ম্যাচের আগে বায়ার্নের তারকা স্ট্রাইকার এবং জাতীয় দলের সতীর্থ হ্যারি কেইনের প্রশংসা করতেও ভোলেননি বেলিংহাম। তবে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে দলের জয়কেই প্রাধান্য দিচ্ছেন তিনি, 'হ্যারি কেইন একজন অসাধারণ খেলোয়াড়, তিনি তার দক্ষতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তবে আমাদের লক্ষ্য থাকবে তাকে আটকে দেওয়া এবং তার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন পূরণ হতে না দেওয়া।'
মাঠের লড়াইয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো বিভিন্ন গুজবও সরাসরি নাকচ করে দিয়েছেন এই তরুণ মিডফিল্ডার, 'মাদ্রিদের নাইট ক্লাবে আমার যাতায়াত নিয়ে যা বলা হচ্ছে তা একেবারেই সত্য নয়। আমি অত্যন্ত পেশাদার এবং প্রতিদিন নিজেকে আরও উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করি। ইনজুরি কাটিয়ে ফেরাটা মানসিক লড়াই ছিল, তবে এখন আমি পুরোপুরি প্রস্তুত।'
দলের কোচ আলভারো আরবেলোয়াও এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে রিয়ালের আভিজাত্য ও ঐতিহ্যের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, 'আমরা রিয়াল মাদ্রিদ এবং আমরা জেতার লক্ষ্য নিয়েই এখানে এসেছি। ১৫টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার ইতিহাস আমাদের পেছনে রয়েছে। কাল কী ঘটবে তা নিশ্চিত করে বলা না গেলেও, আমাদের সেরা শক্তি নিয়ে আমরা জয় ছিনিয়ে আনতে সর্বোচ্চ লড়াই করব।'