বিশ্বকাপ দলে ফিরতে নেইমারকে আনচেলত্তির আল্টিমেটাম

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিল দলে জায়গা ফিরে পেতে নেইমার জুনিয়রকে ফিটনেস প্রমাণের জন্য মাত্র দুই মাস সময় বেঁধে দিয়েছেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি। মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে জায়গা না পেলেও, সান্তোসের এই তারকা ফরোয়ার্ডের সামনে এখনো বিশ্বকাপের দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন ইতালিয়ান এই কোচ। তবে এর জন্য তাকে প্রমাণ করতে হবে নিজের চূড়ান্ত শারীরিক সুস্থতা।

৩৪ বছর বয়সী নেইমার ১২৮ ম্যাচে ৭৯ গোল নিয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তবে ২০২৩ সালের অক্টোবরে এসিএল ইনজুরিতে পড়ার পর থেকে সেলেসাওদের জার্সিতে আর মাঠে নামা হয়নি তার। এরপর চোট কাটিয়ে ফেরার পর গত ডিসেম্বরে বাম হাঁটুতে আর্থ্রোস্কোপি সার্জারির কারণে চলতি মৌসুমের প্রথম ১০টি ম্যাচও মিস করেন তিনি।

ফরাসি সংবাদমাধ্যম 'এল ইকুইপ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি এই তারকার ফেরা প্রসঙ্গে বলেন, ‘সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন) এবং আমি তাকে মূল্যায়ন করছি। আগামী বিশ্বকাপে খেলার মতো গুণাবলি তার আছে কি না, তা প্রমাণ করার জন্য তার হাতে এখনো দুই মাস সময় আছে।’

সান্তোসের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য নেইমারের পক্ষে কথা বলছে। চলতি মৌসুমে লিগে ৪ ম্যাচ খেলে ৩টি গোল করে ফেলেছেন তিনি। আনচেলত্তিও বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, নেইমার নিজের পুরনো ছন্দে ফেরার সামর্থ্য রাখেন।

ব্রাজিল বস স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘আমি শুধু শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত খেলোয়াড়দেরই দলে ডাকব। ডিসেম্বরে হাঁটুর ইনজুরির পর নেইমার দারুণভাবে ফিরেছে; সে গোল পাচ্ছে। তাকে এই ধারা অব্যাহত রাখতে হবে এবং ফিটনেসের আরও উন্নতি করতে হবে। সে বর্তমানে সঠিক পথেই আছে।’

মার্চের আন্তর্জাতিক উইন্ডোর জন্য আনচেলত্তির ডাকা ফরোয়ার্ডদের তালিকায় এনড্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রাফিনহা, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র এবং জোয়াও পেদ্রো রয়েছেন। এই তারকাবহুল আক্রমণভাগে জায়গা করে নেওয়াটা যে নেইমারের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

সবশেষ দলে সুযোগ না পেয়ে হতাশা লুকাতে পারেননি নেইমার। তবে বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনো প্রবলভাবে বাঁচিয়ে রেখেছেন তিনি। ইএসপিএন ব্রাজিলের 'কিংস লিগ ব্রাজিল'-এর এক সম্প্রচারে নেইমার নিজের অনুভূতির কথা প্রকাশ করে বলেছিলেন, ‘দলে সুযোগ না পেয়ে আমি অবশ্যই হতাশ এবং কষ্ট পেয়েছি। তবে আমার ফোকাস আগের মতোই স্থির। দিনের পর দিন, অনুশীলনের পর অনুশীলন, ম্যাচের পর ম্যাচ, লক্ষ্যে ঠিকই পৌঁছাব। এখনো চূড়ান্ত দল ঘোষণার বাকি আছে এবং স্বপ্নটা এখনো বেঁচে আছে।’