শিষ্যদের চোখে পট্টি বেঁধে অনুশীলন করানো বালদিনি ইতালির অন্তর্বর্তীকালীন কোচ
ইতালির অনূর্ধ্ব-২১ দলের কোচ সিলভিও বালদিনি আগামী জুনে অনুষ্ঠেয় দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের দায়িত্ব নেবেন। গতকাল শুক্রবার দেশটির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) এই তথ্য নিশ্চিত করেছে।
বিস্ময় জাগিয়ে টানা তৃতীয়বারের মতো ইতালি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার পর গত সপ্তাহে কোচের পদ থেকে ইস্তফা দেন জেন্নারো গাত্তুসো। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে পেনাল্টি শ্যুটআউটে হেরে বিশ্বমঞ্চের টিকিট পায়নি আজ্জুরিরা।
আগামী ৩ জুন লুক্সেমবার্গের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে ইতালি। এর চার দিন পর গ্রিসের আতিথ্য নেবে চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
এফআইজিসির একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, 'আগামী জুনে জাতীয় দলের মাঠে ফেরার ম্যাচগুলোতে সিলভিও বালদিনি দায়িত্বে থাকবেন।'
গত জুলাই থেকে অনূর্ধ্ব-২১ দলের কোচের ভূমিকায় থাকা বালদিনি তার অপ্রচলিত ও বিচিত্র প্রশিক্ষণ পদ্ধতির জন্য পরিচিত। গত অক্টোবরে পালেরমো, পার্মা ও এম্পোলির সাবেক এই কোচ তার শিষ্যদের মনোযোগ বৃদ্ধির জন্য এক চোখে পট্টি বেঁধে অনুশীলনের নির্দেশ দিয়ে আলোচনায় এসেছিলেন।
আগামী জুনে ফুটবল ফেডারেশনের নির্বাচনের আগে ইতালি কোনো স্থায়ী কোচ নিয়োগ দেবে না। বাছাইপর্বে ব্যর্থতার জেরে বিদায়ী সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনাও গত সপ্তাহে পদত্যাগ করেছেন।
বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার গাত্তুসো এক বছরেরও কম সময় আজ্জুরিদের কোচের দায়িত্বে ছিলেন। নতুন যিনিই দায়িত্ব নেবেন না কেন, ২০২৩ সালের জুনের পর তিনি হবেন দলটির চতুর্থ কোচ। ইতালিয়ান সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, সিরি আর ক্লাব নাপোলির কোচ আন্তোনিও কন্তে ফেডারেশনের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন। তিনি এর আগে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইতালির কোচের দায়িত্ব পালন করেছিলেন।
নাপোলির সভাপতি অরেলিও দি লরেন্তিস গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছেন যে, আগামী বছর পর্যন্ত চুক্তি থাকলেও জাতীয় দলের জন্য তারা কন্তেকে আগেভাগেই ছেড়ে দিতে ইচ্ছুক।