জিরোনার বিপক্ষে পয়েন্ট হারিয়ে রিয়ালের শিরোপার স্বপ্নে বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যের পথে এই ড্র আলভারো আরবেলোয়ার শিষ্যদের জন্য চরম হতাশাজনক।

শুক্রবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে উরুগুইয়ান মিডফিল্ডার ফেদে ভালভার্দের গোলে এগিয়ে যায় মাদ্রিদ। তবে ১১ মিনিট পরই ফরাসি মিডফিল্ডার থমাস লেমারের দারুণ এক লক্ষ্যভেদে সমতায় ফেরে জিরোনা।

এই ড্রয়ের পর বর্তমানে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। তবে আজ শনিবার রাতে নিজেদের আঙিনায় এস্পানিওলের মুখোমুখি হবে কাতালানরা। সেখানে জিতলে তারা ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে।

ম্যাচের শেষদিকে জিরোনার ডিফেন্ডার ভিতর রেইসের হাত দ্বারা কিলিয়ান এমবাপে মুখে আঘাত পেলে পেনাল্টির আবেদন করে রিয়াল, যা নাকচ করে দেন রেফারি। এই সিদ্ধান্ত নিয়ে পরে সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝাড়েন আরবেলোয়া। তিনি বলেন, ‘এটি এখানে তো বটেই, এমনকি চাঁদেও পেনাল্টি হওয়ার যোগ্য। কেউই বিষয়টি বুঝতে পারছে না। যখন ভিএআর হস্তক্ষেপ করে... আমার মনে হয়, তারা তখনই এটি করে, যখন তাদের সুবিধা হয়; আর যখন সুবিধা হয় না, তখন করে না।’

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রিয়ালের কোচ স্বীকার করেন যে, তার দল সেরা ফর্মে নেই। তবে লড়াই ছাড়তে নারাজ তিনি, ‘আমাদের খেলা সেরা ম্যাচগুলোর একটি না হলেও এটি পরিষ্কার যে, এই ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। যতক্ষণ না লা লিগার শিরোপার দৌড়ে হারছি, আমরা লড়াই চালিয়ে যাব... আমাদের শেষ দিন পর্যন্ত লড়তে হবে।’

ম্যাচের প্রথমার্ধে রিয়াল আধিপত্য বিস্তার করলেও শুরুর দিকে সফরকারীদের আজেদিন উনাহির একটি প্রচেষ্টা দুর্দান্তভাবে রুখে দেন গোলরক্ষক আন্দ্রিই লুনিন। অন্যদিকে, জিরোনার আর্জেন্টাইন গোলরক্ষক পাওলো গাজ্জানিগা এমবাপে ও ভালভার্দেকে গোলবঞ্চিত করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে জুড বেলিংহ্যামের একটি শট ঠেকিয়ে দেন গাজ্জানিগা। তবে এর কিছুক্ষণ পরই লিড নেয় স্বাগতিকরা। ডি-বক্সের প্রান্ত থেকে ভালভার্দের নেওয়া জোরালো শট গাজ্জানিগার হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলেও ভুল করে বসেন এবং বল তাকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা এমবাপে একটি সহজ সুযোগ নষ্ট করেন। তারপর ভিনিসিউস জুনিয়রের শট রুখে দিয়ে ব্যবধান বাড়তে দেননি গাজ্জানিগা। এর সুফলও পায় জিরোনা। লেমার ডি-বক্সের প্রান্ত থেকে চমৎকার এক স্ট্রাইকে লুনিনকে পরাস্ত করে ম্যাচে সমতা ফেরান।

শেষদিকে এমবাপের আরেকটি শট গাজ্জানিগা ফিরিয়ে দেওয়ার পর রেইসের সঙ্গে সংঘর্ষে ডি-বক্সে পড়ে যান এই ফরাসি তারকা। রেইসের হাতের আঘাতে এমবাপের মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা গেলেও রেফারির সাড়া মেলেনি।

যোগ করা ছয় মিনিটেও আরবেলোয়ার দল জয়সূচক গোল খুঁজে পায়নি। গত সপ্তাহে মায়োর্কার মাঠে হারের পর যা বলেছিলেন, সেটারই পুনরাবৃত্তি করেন এই স্প্যানিশ কোচ, ‘যেকোনো দলকে হারাতে হলে আমাদের ২০০ শতাংশ দিতে হবে।’

লা লিগায় মাত্র সাতটি ম্যাচ বাকি থাকায় রিয়ালের শিরোপা জয়ের সম্ভাবনা ভীষণ ফিকে হয়ে গেছে। তাই এবারের মৌসুমে কোনো ট্রফি প্রাপ্তির আশা টিকিয়ে রাখতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আসন্ন ম্যাচটিই এখন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আগামী বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ভিনসেন্ট কোম্পানির শিষ্যদের মুখোমুখি হবে রিয়াল। প্রথম লেগে নিজেদের মাঠে হেরে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা লস ব্লাঙ্কোদের সামনে তাই রয়েছে পাহাড়সম চ্যালেঞ্জ।