লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয় হলেও আপাতত ডার্বিতেই মনোযোগী ফ্লিক
চলতি মৌসুমে বার্সেলোনার প্রধান লক্ষ্য হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করা। তবে স্প্যানিশ পরাশক্তিদের কোচ হান্সি ফ্লিক তার শিষ্যদের নির্দেশ দিয়েছেন আপাতত এই সপ্তাহের লা লিগা ডার্বিতে এসপানিওলের বিপক্ষে লড়াইয়ে মনোযোগ দিতে।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে বার্সা। ফলে আগামী মঙ্গলবার স্প্যানিশ রাজধানীতে অনুষ্ঠেয় ফিরতি লেগের ম্যাচে কাতালানদের সামনে এখন পাহাড়সম কঠিন সমীকরণ।
এর আগে লা লিগার শীর্ষস্থানে থাকা বার্সা আগামীকাল শনিবার নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে আতিথ্য দেবে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে বর্তমানে তারা ৭ পয়েন্টে এগিয়ে আছে।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেছেন, 'চ্যাম্পিয়ন্স লিগ জেতা প্রতিটি খেলোয়াড়, ক্লাব, সমর্থক ও কোচের স্বপ্ন। ইউরোপীয় প্রতিযোগিতার প্রতিটি ম্যাচে আপনি দেখবেন, এই দল ১০০ শতাংশের চেয়েও আরও ৫ শতাংশ বেশি অনুপ্রাণিত থাকে।'
বার্সেলোনার এই জার্মান কোচ যোগ করেছেন, 'আমাদের প্রাত্যহিক কাজগুলো ঠিকঠাক করে যেতে হবে। যেমনটা— এখন লা লিগায় মনোযোগ দিতে হবে। তবে শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চ্যাম্পিয়ন্স লিগ জেতা। আমার, খেলোয়াড় ও ক্লাবের দিক থেকে এটাই মূল লক্ষ্য।'
পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী বার্সেলোনা সর্বশেষ এই ট্রফি জিতেছিল ২০১৫ সালে।
লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন কাতালানরা গত জানুয়ারিতে আগের দেখায় এসপানিওলকে তাদের মাঠেই হারিয়েছিল। সেই থেকে মানোলো গঞ্জালেজের দল আর একটি ম্যাচও জিততে পারেনি। মৌসুমের প্রথমার্ধে দুর্দান্ত ছন্দে থাকলেও বর্তমানে তারা পয়েন্ট তালিকার ১০ নম্বরে নেমে গেছে।
তবে প্রতিপক্ষকে হালকাভাবে না নিয়ে ফ্লিক বলেছেন, 'আমাদের অনেক খেলোয়াড় লা মাসিয়ার (ক্লাবের যুব একাডেমি)। তারা খুব ভালো করেই জানে এসপানিওলের বিপক্ষে খেলার মাহাত্ম্য কী। এটি একটি ডার্বি ম্যাচ, আমরা নিজেদের মাঠে খেলতে যাচ্ছি এবং আমি এটি জিততে চাই।'
অ্যাতলেতিকোর বিপক্ষে দুই লেগের মাঝখানে ক্লান্তি এড়াতে ফ্লিক আগামীকালের ম্যাচে 'মিনিট ম্যানেজমেন্ট' বা খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, 'কাল যারা ম্যাচ শুরু করবে, তারা একটি দুর্দান্ত দল হিসেবেই মাঠে নামবে।'
মেত্রোপলিতানো স্টেডিয়ামে ফিরতি লেগের সফর নিয়ে খেলোয়াড়রা এখনই বিচলিত নয় উল্লেখ করে ফ্লিক আরও বলেছেন, 'মাঠে নিজেদের কাজ করাটাই তাদের দায়িত্ব। তারা আগামীকালের ম্যাচের জন্য পুরোপুরি মনোযোগী ও প্রস্তুত।'