ভিয়েতনামে বাংলাদেশ দলে যোগ দেবেন ‘সম্পূর্ণ ফিট’ হামজা

সব শঙ্কা উড়িয়ে অবশেষে লাল-সবুজের জার্সিতে মাঠে নামতে প্রস্তুত লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ওঠা হামজা চলতি মাসেই ভিয়েতনামে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিচ্ছেন।

গত ৩১ জানুয়ারি চার্লটন অ্যাথলেটিকসের বিপক্ষে ইংলিশ চ্যাম্পিয়নশিপের এক ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন হামজা। মাঠ ছাড়ার সময় তাকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখে ফুটবল প্রেমীদের মধ্যে শঙ্কা জেগেছিল, আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে তাকে পাওয়া যাবে কি না।

ফেব্রুয়ারিতে লেস্টার সিটির হয়ে টানা ছয়টি ম্যাচ মিস করার পর অবশেষে মাঠে ফিরেছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। গত ৭ মার্চ ইপসউইচ টাউন এবং ১১ মার্চ ব্রিস্টল সিটির বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন তিনি।

গতকাল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় দল কমিটির সভা শেষে এই খবর নিশ্চিত করেন বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, 'হামজা এখন পুরোপুরি ফিট। আগামী ২২ মার্চ ভিয়েতনামে তিনি সরাসরি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।'

কোচ হাভিয়ের কাবরেরা খুব শীঘ্রই ৩০ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করবেন। আগামী ১৬ মার্চ থেকে ঢাকায় শুরু হবে জাতীয় দলের আবাসিক ক্যাম্প। এরপর ২১ মার্চ ভিয়েতনামের উদ্দেশ্যে উড়াল দেবে ২৩ সদস্যের চূড়ান্ত দল। সেখানে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

হামজা ছাড়াও লাল-সবুজের স্কোয়াডে যোগ দিতে আসছেন আরও চার প্রবাসী ফুটবলার। যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ ১৪ মার্চ এবং কানাডা প্রবাসী শমিত সোম ১৫ মার্চ ঢাকায় পৌঁছাবেন। এছাড়া ইতালি থেকে ফাহমেদুল ইসলাম এবং ফিনল্যান্ড থেকে অভিজ্ঞ ডিফেন্ডার তারিক রায়হান কাজী ১৬ মার্চ ক্যাম্পে যোগ দেবেন।

সিঙ্গাপুর ইতোমধ্যে গ্রুপ ‘সি’ থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ায় বাংলাদেশের জন্য ৩১ মার্চের ম্যাচটি এখন কেবলই আনুষ্ঠানিকতা। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বাংলাদেশ। তবে এই ম্যাচটির আলাদা গুরুত্ব আছে কোচ হাভিয়ের কাবরেরার জন্য। সিঙ্গাপুর ম্যাচটি দিয়েই বাফুফের সঙ্গে স্প্যানিশ এই কোচের চার বছরের দীর্ঘ চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।