১৭ মিনিটেই বদলি, কিনস্কির দুঃস্বপ্নের রাত টটেনহ্যামে

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে এক দুঃস্বপ্নের রাত কাটালেন টটেনহ্যাম গোলরক্ষক আন্তোনিন কিনস্কি। মাত্র ১৭ মিনিট খেলার পরই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ ইগর টুডর।

মাদ্রিদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে টটেনহ্যাম। তার ওপর একের পর এক ভুলে পরিস্থিতি আরও খারাপ করে ফেলেন ২২ বছর বয়সী চেক গোলরক্ষক কিনস্কি। শেষ পর্যন্ত তিন গোল হজম করার পর তাকে বদলি করে ইতালিয়ান গোলরক্ষক গুলিয়েলমো ভিকারিওকে নামান কোচ।

তবে ভিকারিও নামার পরও স্বস্তি মেলেনি টটেনহ্যামের। মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যেই আরও একটি গোল হজম করে তারা। তখন মাত্র ২২ মিনিটেই ৪–০ ব্যবধানে এগিয়ে যায় অ্যাতলেতিকো মাদ্রিদ।

পরে প্রথমার্ধের শেষদিকে পেদ্রো পররো একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ম্যাচটি ৫–২ ব্যবধানে হেরে যায় টটেনহ্যাম। ফলে ১৮ মার্চের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ইংলিশ ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই বিপর্যয় শুরু হয় টটেনহ্যামের। ষষ্ঠ মিনিটে কিনস্কির পা পিছলে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে দলের প্রথম গোলটি করেন মার্কোস ইয়োরেন্তে। এরপর ১৪তম মিনিটে দ্বিতীয় গোল যোগ করেন আতোঁয়া গ্রিজমান।

তৃতীয় গোলটির ক্ষেত্রেও দায় এড়াতে পারেননি কিনস্কি। ১৫তম মিনিটে তার ভুল পাস সরাসরি চলে যায় আতলেটিকোর হুলিয়ান আলভারেসের কাছে, সহজেই গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এই ভুলের পর হতাশ হয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন কিনস্কি। দুই মিনিটেরও কম সময় পরে তাকে মাঠ থেকে তুলে নেন টুডর। বদলি হওয়ার পর কোচ তার দিকে তাকাননি বলেও জানা যায়; সোজা টানেল ধরে ড্রেসিংরুমে চলে যান তরুণ গোলরক্ষক। তবে সতীর্থ কেভিন দানসো, ক্রিস্তিয়ান রোমেরো ও পেদ্রো পররো তাকে সান্ত্বনা দেন।

সাবেক টটেনহ্যাম গোলরক্ষক পল রবিনসন অবশ্য কোচ টুডরের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। বিবিসি রেডিও ফাইভ লাইভে ধারাভাষ্য দিতে গিয়ে তিনি বলেন, 'ফুটবল মাঠে এমন কিছু আমি আগে দেখিনি। কিনস্কির জন্য এটি আত্মা ভেঙে দেওয়ার মতো অভিজ্ঞতা। অবাক হব না যদি সে কাঁদতে থাকে।'

'এটি কোচের স্বার্থপর সিদ্ধান্ত। তিনি জানেন হয়তো বেশি দিন থাকবেন না, তাই নিজের অবস্থান বাঁচাতেই এমনটা করেছেন। তরুণ গোলরক্ষকের কথা তিনি ভাবেননি,' যোগ করেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে চেক ক্লাব স্লাভিয়া প্রাগ থেকে প্রায় ১ কোটি ২৫ লাখ পাউন্ডে কিনস্কিকে দলে ভেড়ায় টটেনহ্যাম।