নির্দোষ প্রমাণ না হলে প্রেস্তিয়ানির সঙ্গে সম্পর্ক শেষ করবেন মরিনহো
গিল ভিসেন্তের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনটি ছিল না কোনো সাধারণ প্রাক ম্যাচ আলাপ। জোসে মরিনহো এদিন কথা বলেছেন বিতর্ক, ভবিষ্যৎ, সমালোচনা সবকিছু নিয়েই। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার কড়া সতর্কবার্তা, যা দিয়েছেন তরুণ ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ানিকে ঘিরে।
সম্প্রতি প্রেস্তিয়ানি ও ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে সরাসরি কোনো পক্ষ নেননি মরিনহো। তিনি বলেন, ন্যায়বিচার ও নির্দোষ হিসেবে বিবেচিত হওয়ার অধিকার, এই দুই নীতিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। “আমি রিয়াল মাদ্রিদের সাদা জার্সি বা বেনফিকার লাল জার্সি, কোনোটিই পরতে চাই না,” মন্তব্য করেন তিনি, অর্থাৎ অভ্যাসগতভাবে নিজের দলকে অন্ধ সমর্থন বা প্রতিপক্ষকে আক্রমণ করতে চান না।
তবে সতর্কবার্তাটি ছিল স্পষ্ট ও কঠোর। মরিনহো বলেন, যদি প্রমাণ হয় তার খেলোয়াড় এই নীতিগুলো মানেননি, তাহলে তার সঙ্গে সম্পর্ক শেষ। “যদি সে সত্যিই দোষী হয়, আমি তাকে আর আগের মতো দেখব না, আমার সঙ্গে তার পথ সেখানেই শেষ,” জোর দিয়ে বলেন তিনি। খেলোয়াড়টির প্রতি ব্যক্তিগত স্নেহ থাকলেও নিঃশর্ত সমর্থন নেই এ কথাও স্পষ্ট করেন।
তিনি দ্রুত বিচার ও গুজবের পরিবেশ নিয়েও প্রশ্ন তোলেন। “আমি আইনজীবী নই, কিন্তু অজ্ঞও নই। নির্দোষ হিসেবে বিবেচিত হওয়ার অধিকার কি মানবাধিকার নয়?” এভাবে পরিস্থিতির উত্তাপে মৌলিক নীতিগুলো ভুলে যাওয়ার সমালোচনা করেন মরিনহো।
ম্যাদ্রিদের ম্যাচের পর জার্সি বিনিময় নিয়েও আলোচনা হয়, যেখানে প্রেস্তিয়ানি ও ভিনিসিয়ুসের পাশাপাশি সিডনির নামও সামনে আসে। মরিনহো বিষয়টিকে স্বাভাবিক বলেই মনে করেন, “বড় ম্যাচে বিশ্বমানের খেলোয়াড়দের মধ্যে এমনটা হয়।” তবে সপ্তাহজুড়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রেক্ষাপটে এটি এড়ানো যেত বলেও মন্তব্য করেন তিনি।