মোনাকোর ধাক্কা সামলে শেষ ষোলোতে পিএসজি
নাটকীয় লড়াই, লাল কার্ডের মোড়, আর শেষ মুহূর্তের আতঙ্ক, সব মিলিয়ে টানটান উত্তেজনার ম্যাচ শেষে শেষ পর্যন্ত বেঁচে গেল বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি। দুই লেগ মিলিয়ে ৫–৪ গোলে এএস মোনাকোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারিসের ক্লাবটি।
দ্বিতীয় লেগে ২–২ ড্র হলেও প্রথম লেগে ৩–২ জয়ের সুবাদে এগিয়ে যায় পিএসজি। তবে ম্যাচের শুরুটা মোটেও সহজ ছিল না। বরং প্রথমার্ধে দাপট দেখায় মোনাকোই। ফরাসি তরুণ তারকা মাঘনেস আকলিউশ গোল করে দলকে এগিয়ে দেন এবং দুই লেগ মিলিয়ে সমতা ফেরান।
প্রথম লেগের মতোই এবারও ম্যাচের মোড় ঘুরে যায় একটি লাল কার্ডে। ৫৮ মিনিটে দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন মামাদু কুলিবালি। ১০ জনের দলে পরিণত হওয়ার পর থেকেই চাপ বাড়াতে থাকে পিএসজি।
এরপরই সমতায় ফেরে স্বাগতিকরা। ফ্রি-কিক থেকে আসা বল কাছ থেকে জালে পাঠান অধিনায়ক মার্কিনিয়োস। ম্যাচের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি পিএসজির হাতে। কিছুক্ষণ পর গোলরক্ষকের প্রতিহত করা শট থেকে সুযোগ পেয়ে দলকে এগিয়ে দেন খভিচা কভারাতস্কেলিয়া, যা প্রায় নিশ্চিত করে দেয় সামগ্রিক জয়।
তবে শেষ মুহূর্তে আবারও নাটক। যোগ করা সময়ে গোল করে ম্যাচ ২–২ করেন জর্ডান তেজে। এরপর আরেকটি গোল হলে ম্যাচ গড়াতে পারত অতিরিক্ত সময়ে, কিন্তু শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে জয় ধরে রাখে পিএসজি।
ম্যাচে পিএসজি তাদের স্বাভাবিক শক্তি নিয়েই নামলেও চোটের কারণে ছিলেন না গত মৌসুমের ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে। তবুও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে লুইস এনরিকের দল।
এখন শেষ ষোলোতে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আছে বার্সেলোনা ও চেলসি। ইউরোপ সেরার মুকুট ধরে রাখার স্বপ্ন তাই এখনও অটুট প্যারিসের ক্লাবটির।
অন্যদিকে, ২০১৭ সালের সেমিফাইনালের পর থেকে নকআউট পর্বে আর বড় সাফল্য না পাওয়া মোনাকো টানা দ্বিতীয় মৌসুমে বিদায় নিল প্লে-অফ ধাপ থেকেই। শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নদের ঘাম ঝরিয়ে তবেই হার মানতে হয়েছে তাদের।