অ্যাসিস্ট রেকর্ড ছুঁয়ে ‘অবিশ্বাস্য’ সালাহ, প্রশংসায় ভাসালেন স্লট

স্পোর্টস ডেস্ক

সান্ডারল্যান্ডের মাঠে কঠিন এক লড়াইয়ে ১-০ ব্যবধানে জয় তুলে নেওয়ার ম্যাচে আবারও পার্থক্য গড়ে দিলেন মোহামেদ সালাহ। বুধবারের সেই ম্যাচে কর্নার থেকে ভার্জিল ফান ডাইকের জয়সূচক গোলের যোগান দিয়ে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ অ্যাসিস্টের ক্লাব রেকর্ডে ভাগ বসান মিশরীয় এই তারকা। আর সেই ঐতিহাসিক মুহূর্তের পর সালাহকে নিয়ে প্রশংসায় মুখর হয়েছেন কোচ আর্নে স্লট, যিনি তাকে আখ্যা দিয়েছেন ‘অবিশ্বাস্য’ খেলোয়াড় হিসেবে।

ম্যাচের ৬১ মিনিটে নিখুঁতভাবে নেওয়া সালাহর কর্নার থেকেই হেডে গোল করেন ফন ডাইক। সেই অ্যাসিস্টের মাধ্যমে সালাহর লিভারপুল ক্যারিয়ারে প্রিমিয়ার লিগে মোট অ্যাসিস্ট দাঁড়ায় ৯২টিতে, যা ক্লাব কিংবদন্তি স্টিভেন জেরার্ডের রেকর্ডের সমান। ম্যাচ শেষে স্লট বলেন, “এই ক্লাবের হয়ে তার এত রেকর্ড রয়েছে, কিন্তু এমন একজন কিংবদন্তি খেলোয়াড়ের (জেরার্ড) সঙ্গে একটি রেকর্ড ভাগ করে নেওয়াটাই আলাদা ব্যাপার। দু’জনই লিভারপুলের জন্য অবিশ্বাস্য খেলোয়াড় ছিলেন। দুঃখের বিষয় স্টিভেনের জন্য, তবে আমি আশা করি এবং সত্যি বলতে চাইও মো যেন এই রেকর্ডটাও ছাড়িয়ে যায়।”

এই প্রশংসা শুধু মাঠের পারফরম্যান্সের জন্যই নয়, বরং সালাহ-স্লট সম্পর্কের নতুন অধ্যায়েরও ইঙ্গিত বহন করছে। মৌসুমের শুরুতে টানা বাজে ফর্মের কারণে কয়েক ম্যাচ দল থেকে বাদ পড়ার পর সালাহ প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন, ক্লাব তাকে “বাসের নিচে ফেলে দিয়েছে” এবং স্লটের সঙ্গে সম্পর্ক ভালো নেই বলেও ইঙ্গিত দিয়েছিলেন। সেই মন্তব্য ঘিরে তাকে বিক্রি করে দেওয়ার গুঞ্জনও শুরু হয়। তবে দ্রুতই দু’জনের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে, দলে ফেরেন সালাহ আর এখন আবারও তিনি লিভারপুলের সবচেয়ে নির্ভরযোগ্য নাম।

এই জয়ে লিভারপুল শেষ আট লিগ ম্যাচে মাত্র দ্বিতীয় জয় পেল এবং চলতি মৌসুমে সান্ডারল্যান্ডের অপরাজিত ঘরের মাঠের রেকর্ডও ভেঙে দিল। ফলে ছয় নম্বরে থাকা স্লটের দল পঞ্চম স্থানে থাকা চেলসির থেকে দুই পয়েন্ট এবং চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে তিন পয়েন্ট দূরত্বে উঠে এসেছে। ম্যাচ শেষে স্লট বলেন, “এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ। মাত্র দুই দিনের বিশ্রামের পর এমন কঠিন অ্যাওয়ে ম্যাচে নেমে আমরা চরিত্র দেখিয়েছি। বলের ওপর আমাদের নিয়ন্ত্রণ, কাজের তীব্রতা সব মিলিয়ে পারফরম্যান্স ছিল দারুণ। সে কারণেই আমরা এখান থেকে ১-০ জয় নিয়ে ফিরছি।”

তবে জয়ের আনন্দের মাঝেই দুঃসংবাদ পেয়েছে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধে জাপানি মিডফিল্ডার ওয়াতারু এন্ডো স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। ইনজুরির কারণে রাইট-ব্যাক কনর ব্র্যাডলি ও জেরেমি ফ্রিমপং না থাকায় এবং দোমিনিক সোবোস্লাইয়ের নিষেধাজ্ঞার কারণে এন্ডোকেই ওই পজিশনে খেলানো হয়েছিল। তার চোট নিয়ে স্লট বলেন, “আমরা কোনো ইতিবাচক খবর আশা করছি না। আপাতত অপেক্ষা করতে হবে, তবে ধারণা করছি তাকে দীর্ঘ সময়ের জন্য পাওয়া যাবে না। রাইট-ব্যাক পজিশনে এটি আমাদের নতুন সমস্যা নয়। আগেও এমন পরিস্থিতি এসেছে, প্রতিবারই আমরা সমাধান খুঁজে নিয়েছি, এবারও সেটাই করতে হবে।”