মাত্র ৮ মাসের মধ্যে বরখাস্ত হলেন টটেনহ্যাম কোচ ফ্র্যাঙ্ক

স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে গতকাল মঙ্গলবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারের পর টমাস ফ্র্যাঙ্ককে বরখাস্ত করল টটেনহ্যাম হটস্পার। দায়িত্ব নেওয়ার মাত্র আট মাস পূর্ণ হওয়ার আগেই ডেনমার্কের এই কোচকে বিদায় নিতে হলো।

বুধবার এক বিবৃতিতে ফ্র্যাঙ্ককে বিদায় করার বিষয়টি নিশ্চিত করেছে টটেনহ্যাম। নিউক্যাসলের বিপক্ষে হারের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চল থেকে মাত্র ৫ পয়েন্ট উপরে রয়েছে তারা। উত্তর লন্ডনের এই ক্লাবটি বর্তমানে ২৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার ১৬তম স্থানে আছে।

লিগে গত ৮ ম্যাচে কোনো জয় নেই টটেনহ্যামের। এটি ২০০৮ সালের অক্টোবরের পর তাদের সবচেয়ে বাজে ফর্ম। শুধু তাই নয়, লিগের শেষ ১৭ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে দলটি। সেখান থেকে পয়েন্ট এসেছে মাত্র ১২।

বিবৃতিতে বলা হয়েছে, 'এই ক্লাব প্রধান কোচের পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এবং আজই টমাস ফ্র্যাঙ্ক বিদায় নিচ্ছেন।'

সেখানে যোগ করা হয়েছে, '২০২৫ সালের জুনে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং আমরা তাকে সময় ও সমর্থন দিতে চেয়েছিলাম, যাতে ভবিষ্যতে একসঙ্গে ভালো কিছু করা যায়। তবে দলের ফলাফল ও পারফরম্যান্স বিবেচনা করে বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, মৌসুমের এই পর্যায়ে পরিবর্তন আনা প্রয়োজন।'

ব্রেন্টফোর্ডের সাবেক এই কোচ গত জুনে অ্যাঞ্জ পোস্তেকোগ্লুর স্থলাভিষিক্ত হয়েছিলেন। ২০২৮ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি থাকলেও প্রিমিয়ার লিগে দলের ভাগ্য বদলাতে পারেননি তিনি। যদিও ইউরোপিয়ান প্রতিযোগিতায় তাদের ফলাফল বেশ ভালো।

ফ্র্যাঙ্কের অধীনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে চতুর্থ হয়ে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে স্পার্সরা। তবে সেই সাফল্য ঢাকা পড়ে গেছে প্রিমিয়ার লিগে তাদের হতাশাজনক পারফরম্যান্সে। চলতি মৌসুমে ১১ হারের বিপরীতে জয় এসেছে মাত্র ৭ ম্যাচে।

ঘরোয়া কাপ প্রতিযোগিতাগুলো থেকেও ইতোমধ্যে ছিটকে গেছে টটেনহ্যাম। গত অক্টোবরে লিগ কাপের চতুর্থ রাউন্ডে নিউক্যাসলের কাছে এবং গত মাসে এফএ কাপের তৃতীয় রাউন্ডে অ্যাস্টন ভিলার কাছে হেরে বিদায় নিয়েছে তারা।