আরিফুল-সাব্বিরের ঝড়, নিউজিল্যান্ড ‘এ’কে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হারের ধাক্কা সামলে আবারও জয়ের পথে ফিরেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। আরিফুল ইসলাম ও সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে নিউজিল্যান্ড ‘এ’কে ২৩ রানে হারিয়ে ডারউইনের টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বাংলাদেশ এইচপি।

বৃহস্পতিবার মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই কোনো রান না করে লেগ বিফোরের ফাঁদে পড়েন জিশান আলম। এরপর হাবিবুর রহমান সোহানকে নিয়ে দলের হাল ধরেন আরিফুল ইসলাম। দুজন মিলে যোগ করেন ৪৭ রান।

পাওয়ারপ্লে শেষ হওয়ার পর সোহান ফিরে গেলে পরের ওভারেই অধিনায়ক ইরফান শুক্কুরের উইকেট হারায় বাংলাদেশ। তখন দলের স্কোর ৭০ রানের কাছাকাছি। তবে এরপরই ম্যাচের চিত্র বদলে দেন আরিফুল ও সাব্বির।

দশম ওভার থেকে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন দুজন। মাত্র ৫৩ বলে ৯১ রানের দুর্দান্ত জুটি গড়ে বাংলাদেশকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন তারা। ৪৮ বলে ৭১ রানের ঝকঝকে ইনিংস খেলে আরিফুল ফেরার পরও থামেননি সাব্বির।

৩৬ বলে অপরাজিত ৬২ রান করেন সাব্বির। তার ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে বাংলাদেশ এইচপি।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে নিউজিল্যান্ড ‘এ’। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

কাটেনে ক্লার্কসন ১০ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেললেও তাকে ফিরিয়ে দেন রিপন মণ্ডল। এরপর নবম ও ১৩তম ওভারে জোড়া আঘাত করেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। তিনি ম্যাথিউ বয়েলকে ৩১ এবং বেভন জ্যাকবসকে ৮ রানে ফেরান।

এক প্রান্তে ম্যাক্স চু ৩৩ বলে ৪৩ রান করে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তবে ১৩তম ওভারেই রাকিবুলের বলে তাকেও ফিরতে হয়। ফলে নিউজিল্যান্ড ‘এ’-র রান তাড়ার গতি থেমে যায়।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি যেতে পারেনি নিউজিল্যান্ড ‘এ’। বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল মাত্র তিন ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন। রাকিবুল হাসানের শিকারও তিনটি, ৪ ওভারে ২৩ রান দিয়ে। মোহাম্মদ রুবেল ও আবদুল গাফফার সাকলাইন নেন একটি করে উইকেট।