ম্যাকাই টেস্ট

চরম ব্যাটিং বিপর্যয়ে দুঃস্বপ্নের সেশন

ক্রীড়া প্রতিবেদক

ডারউইনে ঐতিহাসিক জয়ের পর উড়তে থাকা বাংলাদেশকে পাল্টা আক্রমণে চরম বিপদে ফেলল অস্ট্রেলিয়া, আরও বিশেষ করে বললে মিচেল স্টার্ক। অজি বাঁহাতি পেসারের তোপে দুঃস্বপ্নের মতো সেশন পার করেছে বাংলাদেশ। একাই যা একটু লড়েছেন মেহেদী হাসান মিরাজ।

শনিবার ম্যাকাইয়ের গ্রেট রিফ অ্যারেনায় দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে ২৩ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে বাংলাদেশ। ১১ রান করে ক্রিজে আছেন  মিরাজ, ৮ রান করে তার সঙ্গী হাসান মাহমুদ। ১১ রানে ৫ উইকেট নিয়েছেন স্টার্ক। 

স্টার্ক অবশ্য পাঁচ উইকেট নিয়ে নেন নিজের প্রথম ২২ বলে। ইনিংসের একদম প্রথম বলেই ফেরান সাদমান ইসলামকে। তার বলে ফ্লিকের মতো করতে গিয়ে আউটসাইড এজড হয়ে ক্যাচ দেন বাংলাদেশের ওপেনার। আরেক ওপেনার তানজিদ হাসান ব্যাট পেতে দিয়ে একইভাবে ক্যাচ। 

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এলবিডব্লিউ হওয়ার পর মুমিনুল হককেও স্লিপে ক্যাচ বানান স্টার্ক। লিটন দাস ক্যাচ দিয়ে বাঁচার পর শিকার হন এলবিডব্লিউর। ১২ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে বাংলাদেশ। 

এরপর কিছুটা সময় বিরতি। স্টার্ক আক্রমণ থেকে সরে গেলে যেন স্বস্তি পেয়েছিলো বাংলাদেশ। অভিজ্ঞ মুশফিকুর রহিম ছিলেন থিতু হওয়ার চেষ্টায়। তবে তার প্রতিরোধ ভাঙেন প্যাট কামিন্স। মুশফিকের স্টাম্প উড়িয়ে দেন তিনি। ২১ রানে পড়ে ৬ উইকেট। তখনো কোন ব্যাটারই দুই অঙ্কে যাননি। 

টেল এন্ডার হাসানকে নিয়ে সেশনের বাকিটা পার করে দুই অঙ্ক স্পর্শ করেন মিরাজ।