স্বস্তি নিয়ে লিটনের অনুশীলন, প্রস্তুতি ম্যাচে খেলা নিয়ে সিদ্ধান্ত সকালে
নাটকীয় উন্নতিতে চোট কাটিয়ে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে দলে ফেরা লিটন দাস কোনো অস্বস্তি ছাড়াই অনুশীলন সেশন সম্পন্ন করেছেন। বুধবার বাংলাদেশ দলের উইকেটকিপার-ব্যাটারের প্রস্তুতির খবর নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।
বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। এই প্রস্তুতি ম্যাচে লিটন খেলবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালেই।
দ্য ডেইলি স্টারকে হাবিবুল বাশার জানিয়েছেন, 'লিটন আজ একটি অনুশীলন সেশন সম্পন্ন করেছে এবং তাকে কোনো অস্বস্তিতে পড়তে দেখা যায়নি। সে উইকেটকিপিং অনুশীলনও করেছে। সে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্তের জন্য ম্যাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করা হবে।'
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ চলাকালীন পায়ের পেশির (কাফ মাসল) চোটে পড়েছিলেন লিটন। এর ফলে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলতে পারেননি তিনি। তবে চোট থেকে আশাব্যঞ্জক উন্নতি ঘটায় শেষ মুহূর্তে তাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়।