অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ফিরলেন সৌম্য, জাকের ও মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন অস্ট্রেলিয়া সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। স্কোয়াডে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার, উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক ও পেসার মুশফিক হাসান।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টপ অর্ডারে টানা ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। আর চোটের কারণে নেই উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

দীর্ঘদিন পর বাংলাদেশের সাদা পোশাকের দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার সৌম্য। তিনি সবশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সংস্করণে খেলেছিলেন। এছাড়া, টানা অফ-ফর্মের কারণে দল থেকে ছিটকে যাওয়া জাকেরকে আবার সুযোগ দেওয়া হয়েছে। গত বছরের জুনে গলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে সবশেষ টেস্ট খেলেছিলেন তিনি। লোয়ার মিডল অর্ডারে তিনি দলের ব্যাটিংয়ের শক্তি বাড়াবেন বলে আশা করা হচ্ছে।

লম্বা গড়নের পেসার মুশফিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের আশেপাশে ছিলেন। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেলেও এখনও লাল বলের ক্রিকেটে তার অভিষেক হয়নি। আর সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সফরে টেস্ট অভিষেক হওয়া ডানহাতি ব্যাটার অমিত হাসান স্কোয়াডে নিজের জায়গা ধরে রেখেছেন।

তবে তরুণ গতিময় পেসার নাহিদ রানা ও বাঁহাতি পেসার শরিফুল ইসলামের চোটে বাংলাদেশ বেশ ধাক্কা খেয়েছে। প্রথম টেস্টে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের পাশাপাশি টাইগারদের পেস বোলিং ইউনিটে থাকবেন খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও মুশফিক। স্পিন বিভাগে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে।

টেস্ট সিরিজ খেলতে আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এরপর ৬ থেকে ৮ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে ১৩ আগস্ট শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ২২ আগস্ট মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও মুশফিক হাসান।