আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম, হলেন কমিটির চেয়ারম্যানও
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান তামিম ইকবাল। একইসঙ্গে বিসিবির এই নবনির্বাচিত সভাপতিকে পূর্ণাঙ্গ সদস্য পরিচালক হিসেবে স্বীকৃতি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এসব তথ্য জানিয়েছে। পাশাপাশি ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসার ও সদস্যপদ সংক্রান্ত আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন দুটি উপ কমিটি গঠন করার কথাও জানানো হয়েছে।
আইসিসির বার্ষিক সাধারণ সভায় গঠিত ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটিতে তামিমের নেতৃত্বে সদস্য হিসেবে থাকছেন ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ফন ভুরেন, বিসিসিআইয়ের দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের রিচার্ড গুল্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।
ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসারের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে মরিশাসকে আইসিসির ১১১তম সদস্য হিসেবে অনুমোদন দিয়েছে আইসিসি বোর্ড। এই সিদ্ধান্ত উদীয়মান বাজারগুলোতে খেলাটির উপস্থিতি জোরদার করা এবং বিশ্বজুড়ে অংশগ্রহণ ও উন্নয়নের বৃহত্তর সুযোগ তৈরির প্রতি সংস্থাটির অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন।
সভায় একটি গভর্ন্যান্স রিভিউ কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটিতে সদস্য হিসেবে থাকছেন বিসিসিআইয়ের দেবজিৎ সাইকিয়া, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডা. মোহাম্মদ মুসাজি ও আইসিসির স্বাধীন পরিচালক ডা. রস রিভাজ। এছাড়া, সদস্য বোর্ডকে সহায়তা করার অংশ হিসেবে ধুঁকতে থাকা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে (সিডব্লিউআই) ১২.৮২ মিলিয়ন মার্কিন ডলার ঋণের অনুমোদন করেছে আইসিসি।
আইসিসির সদস্যপদ সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে এই সভায়। ক্রিকেট কানাডার সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য কিছু শর্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে। শর্তগুলো পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেট তাদের স্থগিতাদেশ বহাল থাকবে।
সভায় সংশোধিত গঠনতন্ত্র গ্রহণের দিকে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) অগ্রগতির বিষয়টি তুলে ধরা হয়েছে। দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের গুরুত্ব পুনর্ব্যক্ত করে বোর্ড একমত হয়েছে যে, আপাতত আইসিসির সভাগুলোতে শ্রীলঙ্কা ক্রিকেটের কোনো প্রতিনিধিত্ব থাকছে না।
অন্যদিকে, বোর্ড সভায় সদস্যপদের মানদণ্ড লঙ্ঘনের দায়ে ফ্রান্স ক্রিকেটকে সতর্কতামূলক নোটিশ দেওয়া হয়েছে।