লিটনকে নিয়ে দুশ্চিন্তা, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে সৌম্য
শেষ ওয়ানডেতে পেশিতে টান পড়ায় ব্যাটিং থামাতে হয়েছিল লিটন দাসকে। দলের প্রয়োজনে পরে ব্যাট করতে ফিরলেও ফিল্ডিংয়ে আর ছিলেন না। ম্যাচ শেষেও তাকে খুঁড়াতে দেখা যায়। টি-টোয়েন্টি অধিনায়ককে নিয়ে তাই আসন্ন টি-টোয়েন্টি সিরিজে কিছুটা শঙ্কা আছে। সেই কারণেই টপ-অর্ডার ব্যাটার সৌম্য সরকারকে স্কোয়াডে যুক্ত করেছেন নির্বাচকরা।
আগামীকাল চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মঙ্গলবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে সৌম্যকে স্কোয়াডে যুক্ত করার কথা জানায় বিসিবি। তবে লিটনের চোট সংস্কান্ত খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। অধিনায়ক লিটন যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন তাহলে সুযোগ হতে পারে তার।
৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার সৌম্য টি-টোয়েন্টিতে নিয়মিত নন। অনেকদিন ধরেই আসা-যাওয়ার মধ্যে আছেন তিনি। গত কয়েকটি সিরিজেই দলে ছিলেন না। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলতে দেখা যায় ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচে ১৪৬২ রান করা ব্যাটারকে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, শামিম হোসেন, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন, সৌম্য সরকার।