বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সেরাটাই খেলতে চায় টাইগ্রেসরা
আগামীকাল রোববার বার্মিংহ্যামের এজবাস্টনে 'এ' গ্রুপের প্রথম ম্যাচে অভিষিক্ত নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিবাচক শুরু করতে চায় তারা।
তবে চ্যালেঞ্জটা কঠিনই হওয়ার কথা। যদিও প্রস্তুতিমূলক ম্যাচগুলোর হতাশাজনক ফল পেছনে ফেলে টাইগ্রেসরা আশা করছে, দলের ব্যাটাররা এই টুর্নামেন্টে জ্বলে উঠবেন, যেখানে এরই মধ্যে বড় স্কোরের দেখা মিলেছে।
গত মাসে ইংল্যান্ডে পৌঁছানোর পর একটি ত্রিদেশীয় সিরিজে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের কাছে হেরেছে বাংলাদেশ। এরপর প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের কাছে পরাজয়ে তাদের ধারাবাহিকতার অভাব দেখা গেছে। বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে দুর্বলতা ফুটে উঠেছে।
তা সত্ত্বেও, টুর্নামেন্টে দারুণ শুরুর বিষয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
শনিবার বার্মিংহ্যামে সাংবাদিকদের জ্যোতি বলেন, 'আমার মনে হয়, টুর্নামেন্টে ভালো শুরু করার জন্য এটি আমাদের দারুণ একটি সুযোগ। আমরা সম্প্রতি তাদের (নেদারল্যান্ডসের) বিপক্ষে খেলেছি এবং এই কন্ডিশনে তারা খুবই ভালো দল। তাই আমরা সত্যিই নিজেদের সেরা খেলাটাই খেলতে চাই।'
তিনি জোর দিয়ে বলেন, ব্যাটিং ইউনিটকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। যেহেতু প্রতিযোগিতায় এখন পর্যন্ত রানবন্যা দেখা গেছে।
জ্যোতি যোগ করেন, 'আমরা প্রচুর রান আশা করছি। কারণ আমরা গতকালের ম্যাচ দেখেছি, আর ব্যাটাররা পুরোটা জুড়েই দাপট দেখিয়েছে। তাই আমরা আশা করছি, আমাদের ব্যাটাররাও একই কাজ করবে।'
বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য পরিষ্কার— প্রথমবারের মতো গ্রুপ পর্বের বাধা পার হওয়া। এবার অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে কঠিন 'এ' গ্রুপে পড়েছে টাইগ্রেসরা। এই মঞ্চে দলটির অতীত ইতিহাস খুব একটা ভালো নয়। গত ছয় আসরে ২৫ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে তারা।
জ্যোতি বলেন, 'আমরা ইতিবাচক মানসিকতা বজায় রাখতে চাই এবং আমাদের উদ্দেশ্য যেন সব সময় পরিষ্কার থাকে তা নিশ্চিত করতে চাই। আমরা অনেকবার দেখেছি, আমাদের ব্যাটাররা ভালো রান করলে দলের পুরো চিত্রটাই বদলে যায়। ওয়ানডে বা টি-টোয়েন্টি, প্রতিটি টুর্নামেন্টেই আমাদের বোলাররা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে।'
'সেই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রথম লক্ষ্য হলো, ব্যাটিং পারফরম্যান্সের উন্নতি করা। আমরা যদি সেটা করতে পারি, আমার বিশ্বাস আমরা আরও ভালো একটি টুর্নামেন্ট কাটাতে পারব। গত বিশ্বকাপে আমরা মাত্র একটি জয় পেয়েছিলাম। তাই এবার আমাদের লক্ষ্য সেই রেকর্ডের উন্নতি করা এবং আরও বেশি জয় তুলে নেওয়া,' যোগ করেন বাংলাদেশের অধিনায়ক।
অন্যদিকে, আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম আসরে 'আন্ডারডগ' তকমাটা আনন্দের সঙ্গেই মেনে নিচ্ছেন নেদারল্যান্ডস অধিনায়ক বাবেট ডি লিডে। পাশাপাশি চমক দেখানোর সুযোগও খুঁজছেন তিনি।
বাবেট বলেন, 'আমরা আন্ডারডগ হিসেবে এসেছি। তবে আমরা কিছু অঘটন ঘটাতে চাই। আর আমি নিশ্চিত যে আমরা আমাদের সেরাটাই দেব।'