ভারতে কোচ হতে সাক্ষাৎকার দিয়েছেন টেইট!
বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট কি তবে চাকরি ছাড়ছেন? অন্তত তেমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতীয় গণমাধ্যমের খবর, দেশটির ঘরোয়া ক্রিকেটে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। দ্য টেলিগ্রাফ জানিয়েছে বাংলা রাজ্য দলের কোচ হতে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান গতি তারকা।
ভারতের ঘরোয়া ক্রিকেটের ঐতিহ্যবাহী দল বাংলার সিনিয়র পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ পদের জন্য আবেদন করেছিলেন টেইট। শুধু আবেদনই নয়, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) কর্তৃক গঠিত হাইপ্রোফাইল তিন সদস্যের প্যানেলের সামনে তিনি সাক্ষাৎকারেও অংশ নেন। অরুণ লাল, দেবাং গান্ধী ও কল্যাণ চৌধুরীর সমন্বয়ে গঠিত এই প্যানেলটি টেইটের সাক্ষাৎকারে মুগ্ধ হয়ে প্রধান কোচ হিসেবে তার নাম সুপারিশও করেছিল।
বাংলার প্যানেল টেইটের পক্ষে রায় দিলেও সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন সিএবি শেষ পর্যন্ত বর্তমান কোচ লক্ষ্মী রতন শুক্লাকেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূলত ধারাবাহিকতা বজায় রাখতেই বুধবার শুক্লার নাম ঘোষণা করা হয়।
তবে শুক্লাকে প্রধান কোচ করা হলেও টেইটের অধ্যায় এখনই শেষ হয়ে যাচ্ছে না। সিএবি-র একটি সূত্র জানিয়েছে, ‘টেইটকে রাজ্যের ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ করার একটা বড় সম্ভাবনা এখনও আছে। এই দায়িত্বে থাকলে তিনি বাংলার সব বয়সভিত্তিক দলের পেস বোলারদের নিয়ে কাজ করবেন।’
কিন্তু এখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। টেইটের মতো হাইপ্রোফাইল কোচকে ধরে রাখতে সিএবি-কে বিপুল পরিমাণ অর্থ গুনতে হবে, যা বার্ষিক ২ কোটি রুপি বা তার বেশি হতে পারে। এই বিপুল খরচের কারণেই সিএবি এখন চরম ভাবনায় পড়েছে।
বাংলাদেশ দলের সঙ্গে টেইটের সময়কাল বেশ সফল। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার সাম্প্রতিক দুর্দান্ত উত্থান এবং পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে তার অবদান প্রশংসিত হয়েছে। ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের কোচিং প্যানেলে যুক্ত হন টেইট। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি আছে বিসিবির।
বিসিবি-র সঙ্গে চুক্তি থাকা অবস্থায় ভারতের একটি রাজ্য দলের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার পেছনে টেইটের স্ত্রীর ভূমিকা থাকার কথাও ধারণা করা হচ্ছে। টেইটের স্ত্রী ভারতীয়, পারিবারিক সুবিধার কারণে তিনি ভারতে পাড়ি জমাতে পারেন।
এদিকে ভারতের ঘরোয়া ক্রিকেটে যুক্ত হলে আইপিএলের দরজাও খোলা থাকবে।
তবে এই ব্যাপারে টেইট কোন মন্তব্য করতে রাজী হননি। বিসিবিও টেইটের নতুন চাকরির সন্ধানের ব্যাপারে কিছু জানে না এখনো।