আমি খুব আশাবাদী যে ভারত বাংলাদেশ সফর করবে: তামিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের আশা, চলতি বছর নির্ধারিত সূচিতে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তামিম জানান, তার মতে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কের মধ্যে কোনো সমস্যা নেই।
২০২৪ সালে সাদা বলের সিরিজ খেলতে ভারতের বাংলাদেশ সফর করার কথা ছিল। তবে অনিবার্য কারণ দেখিয়ে সিরিজটি তখন তারা স্থগিত করে ফেলে। সেই সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে নির্ধারিত হয়। যদিও এখনো সফর চূড়ান্ত না হওয়ায় সূচি ঠিক হয়নি। ভারতের বাংলাদেশ সফরের ব্যাপারে তাই অনিশ্চয়তা থেকে গেছে।
২০২৪ সালের পর বিসিবিতে তিন দফায় বদল হয়েছে। ২০২৪ সালের আগস্টে নাজমুল হাসান পাপন বিদায় নিলে সভাপতি হন ফারুক আহমেদ, পরে তাকে সরিয়ে আনা হয় আমিনুল ইসলাম বুলবুলকে। প্রশ্নবিদ্ধ নির্বাচনের দায়ে তার বোর্ডও ভেঙে দেওয়া হয়। তার জায়গায় এখন অ্যাডহক কমিটির প্রধান হয়েছেন তামিম। কদিন পর হবে বিসিবির নতুন নির্বাচন, যেখানে সভাপতি হিসেবে আগামী মেয়াদে তামিমই দায়িত্ব পেতে যাচ্ছেন বলে আভাস স্পষ্ট।
সাক্ষাৎকারে তামিম বলেন, তার আশা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দল পাঠাবে ভারতীয় বোর্ড, ‘এই বছরের শেষের দিকে ভারতের বিপক্ষে একটি নির্ধারিত সিরিজ রয়েছে। আমি খুব আশাবাদী যে ভারত আসবে এবং পুরো সিরিজটি খেলবে। এটি এমন একটি দ্বিপাক্ষিক সিরিজ যা বাংলাদেশের মানুষ সত্যিই উপভোগ করে।’
‘তারা মাঠে আসে এবং একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি হয়। ভারতের বিপক্ষে গত সিরিজে বাংলাদেশ সত্যিই খুব ভালো খেলেছে। যখনই এই দুই দেশ খেলে, বিশেষ করে যখন ভারত বাংলাদেশে সফরে আসে, তখন সবসময়ই খুব হাই-ইনটেনসিটি ক্রিকেট খেলা হয়।’
ভারতের সঙ্গে কোনো সমস্যা থাকলে সমাধানে আগ্রহ প্রকাশ করেন তামিম, ‘আমি খুবই আশাবাদী। সমস্যা সবসময়ই থাকবে এবং সেগুলো সমাধান করা ক্রিকেট বোর্ডগুলোর দায়িত্ব। আমাদের এখন নতুন একটি ক্রিকেট বোর্ড রয়েছে, একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এবং আমি নিশ্চিত যে যোগাযোগ ও আলোচনা হবে।’
‘দিনশেষে ক্রিকেটেরই জয় হওয়া উচিত। অন্য যেকোনো কিছুর ঊর্ধ্বে ক্রিকেটের জয় হওয়া উচিত এবং আমি সেই লক্ষ্যেই কাজ করব।’
বুলবুলের অধীনস্থ বোর্ডের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল তলানিতে। ওই বোর্ডই নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি। এই অবস্থায় ভারত দল পাঠাবে কিনা তা নিয়ে সংশয় আছে প্রবল। বিগত বোর্ডের সেই সিদ্ধান্তের সমালোচনা করেন তামিম। তারপরও সমস্যা থাকলে সমাধানের আগ্রহ তার, ‘আমি মনে করি না ভারত ও বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কের মধ্যে কোনো সমস্যা আছে। যদি কোনো সমস্যা থাকেও, আমরা সবসময় তা আলোচনা করে সমাধান করতে পারি। আমি খুব আশাবাদী যে ভারত বাংলাদেশ সফর করবে।’