বাংলাদেশ এখন সেরাদের সঙ্গে লড়তে প্রস্তুত: ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করার পর বাংলাদেশ দলকে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। টাইগারদের এখন বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত বলেও মনে করেন সাবেক এই অধিনায়ক।

সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের জয় তুলে নিয়ে পাকিস্তানকে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সাফল্যের পর ক্রিকেটবিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছে টাইগাররা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আকরাম লেখেন, 'বাংলাদেশের কাছে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের হার দেখে খুব হতাশ হয়েছি। তবে বিজয়ীদের পুরো কৃতিত্ব দিতে হবে, কারণ তারা পূর্ণাঙ্গ ক্রিকেট খেলেছে।'

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বদলে যাওয়া মানসিকতা ও কন্ডিশনেরও প্রশংসা করেছেন তিনি। বিশেষ করে পেস বোলিং শক্তির উন্নতিতে মুগ্ধ হয়েছেন সাবেক এই গতি তারকা।

'বাংলাদেশে আগে নিচু, ধীরগতির ও অতিরিক্ত স্পিন সহায়ক উইকেট হতো। কিন্তু এখন তারা দারুণ টেস্ট উইকেট তৈরি করছে, যা তাদের দ্রুত উঠে আসা পেসারদের সাহায্য করছে। আর সেই পেসাররাই পাকিস্তানকে গতিতে হারিয়ে দিয়েছে,' লিখেছেন আকরাম।

দীর্ঘদিন ধরে উপমহাদেশের ক্রিকেটে পেস বোলিংয়ে আধিপত্য ছিল পাকিস্তান, ভারত বা শ্রীলঙ্কার মতো দলগুলোর। তবে এখন বাংলাদেশও সেই জায়গায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে বলে মনে করেন তিনি।

বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানাকে নিয়ে আলাদা করে মুগ্ধতার কথা জানিয়েছেন আকরাম। 'বাংলাদেশ এখন এই ফরম্যাটে সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। আর নাহিদ রানা কী অসাধারণ প্রতিভা, তাকে দেখতে সত্যিই দারুণ লাগে। অভিনন্দন বাংলাদেশ,' লিখেছেন ৫৮ বছর বয়সী এই কিংবদন্তি।