তাইজুলের ছোবলে দিশেহারা পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

দিনের শুরুতে দেওয়া চাপটা সামাল দিয়ে পাকিস্তানকে খেলায় ফিরিয়েছিলেন বাবর আজম। দ্রুত রান বাড়িয়ে বড় কিছুর আভাস দিচ্ছিলেন তিনি। তবে ভীষণ গুরুত্বপূর্ণ সময়ে নাহিদ রানা তাকে ফেরানোর পর তাইজুল ইসলামের তোপে ধস নেমেছে সফরকারীদের ইনিংসে। আরও একটি দারুণ সেশনে বড় লিডের সম্ভাবনা তৈরি করেছে নাজমুল হোসেন শান্তর দল।

রোববার সিলেট টেস্টের চা-বিরতি পর্যন্ত পাকিস্তানের স্কোর ৮ উইকেটে ২০৬ রান। দ্বিতীয় সেশনে ১০৬ রান তুলে ৪ উইকেট হারিয়েছে তারা, যার তিনটাই নিয়েছেন তাইজুল।

লাঞ্চ থেকে ফিরে বেশ ভালো গতিতে রান তুলছিলেন বাবর আজম, রান আসছিল ওয়ানডে গতিতে। ৬৩ বলে ফিফটি তোলা বাবরের সঙ্গে সালমান আলি আঘার জুটিও জমে উঠেছিল। যেভাবে সাবলীল খেলছিলেন তারা, মনে হচ্ছিল বাংলাদেশের বোলারদের কাজটা হয়তো হয়ে যাবে কঠিন।

তবে ৬৩ রানের জুটির পর আচমকাই এসে যায় সুযোগ। নাহিদ রানার বলে অন ড্রাইভ খেলতে গিয়ে গড়বড় করে বসেন দারুণ খেলতে থাকা বাবর। মিড অনে মুশফিকুর রহিম নেন সহজ ক্যাচ। ৮৪ বলে ৬৮ রান করে মাথা নাড়াতে নাড়াতে মাঠ ছাড়েন বাবর।

সঙ্গীর বিদায়ে মনোযোগ নড়ে যায় সালমানেরও। তাইজুলের বলে সুইপ করতে গিয়ে টপ এজড হয়ে যান তিনি। স্কয়ার লেগে মুমিনুলের হাতে ধরা পড়ে থামেন ২১ রান করে।

এরপর ভরসা বলতে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের কিপার-ব্যাটার থিতু হওয়ার আগেই তাইজুলের নির্বিষ বল স্টাম্পে টেনে হন বোল্ড। ১৭৪ রানে ৭ উইকেট হারিয়ে তখন শেষের পথে চলে যায় পাকিস্তানের ইনিংস।