সিলেট টেস্ট

শুরুতেই তাসকিনের জোড়া আঘাত

ক্রীড়া প্রতিবেদক

উইকেট অনেকটা ব্যাট করার জন্য সহজ হয়ে গেছে, তবে আকাশ মেঘলা থাকলে পেসাররা বাড়তি সুবিধা পাবেন। আগের দিন জানিয়েছিলেন লিটন দাস। রোববার দ্বিতীয় দিন সকাল থেকেই আকাশে জমে থাকা মেঘ সহায়ক কন্ডিশন এনে দিল বাংলাদেশের পেসাররা। সেটা কাজে লাগিয়ে শুরুতেই জোড়া আঘাত দিয়েছেন তাসকিন আহমেদ। 

দিনের দ্বিতীয় ওভারেই উইকেট পান তাসকিন। তার বেরিয়ে যাওয়া দারুণ ডেলিভারিতে খোঁচা মারেন আব্দুল্লাহ ফজল। প্রথম স্লিপের দিকে যাওয়া বল দুরন্ত দক্ষতায় ছোবল মেরে গ্লাভসে জমান লিটন দাস। 

আরেক প্রান্তে শরিফুল ইসলাম টানা একই লেন্থে বল করে পাকিস্তানি ব্যাটারদের চেপে ধরছিলেন। সেই চাপে হাঁসফাঁস করতে গিয়ে তাসকিনের বলে কাবু হয়েছেন আজান আওয়াইসও। তাসকিনের পরের ওভারে ব্যাট-প্যাড গলে তার সহজ ক্যাচ যায় শর্টে থাকা মুমিনুল হকের হাতে। ১০ ওভারে ২৩ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।

আগের দিন লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রান করে বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করে চাপে পড়েছে সফরকারীরা।