সিলেটেও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক
মিরপুরের মতো সিলেট টেস্টেও টস ভাগ্য পক্ষে গেছে পাকিস্তানের। প্রথম টেস্টে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়া পাকিস্তান সিলেটেও আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে। অনুমিতভাবে এই টেস্টে অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। পেস বিভাগে ইবাদত হোসেনের জায়গায় খেলছেন শরিফুল ইসলাম।
শনিবার মেঘলা আকাশে হওয়া টসে বোলিং বেছে কন্ডিশনের সুবিধা কাজে লাগানোর কথা জানান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, তিনি টস জিতলেও আগে বোলিং বেছে নিতেন।

চোটে সাদমান ইসলাম ছিটকে যাওয়ার পরই তানজিদের অভিষেক অনেকটা নিশ্চিত হয়ে যায়। আগ্রাসী এই ব্যাটারকে টেস্টে বাজিয়ে দেখতে চেয়েছিলেন নির্বাচকরা। সেই সুযোগ তারা পেয়েছেন। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ের চোট সমস্যা থাকলেও সেটা সামলে তিনি ম্যাচ খেলছেন।
ইবাদত হোসেন গত টেস্টে ছিলেন বিবর্ণ। তার একাদশে জায়গা হারানোও অনেকটা অনুমিত হয়ে পড়েছিলো। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে প্রথম টেস্ট না খেলা শরিফুল ইসলাম ফিরেছেন সিলেটে।
সিরিজে পিছিয়ে থাকা পাকিস্তান তাদের একাদশে এনেছে তিন বদল। চোট কাটিয়ে ফেরা অভিজ্ঞ বাবর আজমকে জায়গা ছেড়ে দিতে বাইরে চলে গেছেন ওপেনার ইমাম-উল হক।
বাঁহাতি স্পিনার নোমান আলিকে বসিয়ে অফ স্পিনার সাজিদ খানকে রেখেছে তারা। এছাড়া শাহীন আফ্রিদির জায়গায় খেলছেন ডানহাতি পেসার খুররম শাহজাদ।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: আজান আওয়াইস, শান মাসুদ, বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আঘা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলি ও মোহাম্মদ আব্বাস।