শান্ত-নাহিদের ইতিহাস, মিরপুরে পাকিস্তানকে হারানোর টেস্টে আরও যত রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর টেস্টে পাকিস্তানকে বিধ্বস্ত করার দিনে ইতিহাস গড়েছেন তরুণ পেসার নাহিদ রানা। গতিময় এই তারকা প্রথম ইনিংস বিবর্ণ থাকলেও দ্বিতীয় ইনিংসে নেন পাঁচ উইকেট। আর এতেই অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন তিনি। বাংলাদেশি পেসারদের মধ্যে টেস্টে দ্বিতীয় ইনিংসে যে আর কারো পাঁচ উইকেট নেই! 

পরিসংখ্যানের আলোয় মিরপুর টেস্ট 

  • দ্বিতীয় ইনিংসে ৪০ রানে ৫ উইকেট নেন নাহিদ। টেস্টের দ্বিতীয় ইনিংসে কোন বাংলাদেশি পেসারের এটাই প্রথম পাঁচ উইকেট নেওয়ার নজির। এছাড়া ঘরের মাঠে ১৬ বছর পর কোন বাংলাদেশি পেসার টেস্টে নিলেন পাঁচ উইকেট। সর্বশেষ ২০১০ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে চট্টগ্রামে ৭১ রানে ৫ উইকেট নিয়ছিলেন শাহাদাত হোসেন।
  • পাকিস্তানের বিপক্ষে এটি ছিল বাংলাদেশের টানা তৃতীয় টেস্ট জয়। তবে ঘরের মাঠে প্রথম।  দুই দলের মধ্যে প্রথম ১৩টি টেস্টের ১২টিতেই জিতেছিল পাকিস্তান, বাকি ম্যাচটি ড্র হয়েছিল। বাংলাদেশের আগের দুই টেস্ট ছিলো রাওয়ালপিন্ডিতে। মিরপুর টেস্টের আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে খেলা আটটি টেস্টের মধ্যে সাতটিতেই হেরেছিল তারা, যার একমাত্র ড্রটি এসেছিল ২০১৫ সালের খুলনা টেস্টে।
  • অধিনায়ক হিসেবে ১৭ ম্যাচে নাজমুল হোসেন শান্তর এটি ছিল সপ্তম টেস্ট জয়। বাংলাদেশের আর কোনো অধিনায়ক তার চেয়ে বেশি টেস্ট ম্যাচ জেতেননি। মুশফিকুর রহিমও অধিনায়ক হিসেবে ৩৪ ম্যাচে সাতটি টেস্ট জয় করেছেন।
  • ষষ্ঠ পাকিস্তানি ব্যাটার হিসেবে অভিষেক টেস্টের দুই ইনিংসেই অন্তত ফিফটি করার নজির গড়লেন আবদুল্লাহ ফজল। পাকিস্তানের একমাত্র ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি আছে ইয়াসির হামিদের, সেটিও ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে।