এইচপি ইউনিটের স্পিন কোচ হচ্ছেন রাজ্জাক

ক্রীড়া প্রতিবেদক

খেলোয়াড় তৈরির কারখানা হিসেবে পরিচিত হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে বড় পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ইউনিটের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন সাবেক নির্বাচক ও প্রাক্তন বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাক। তার সঙ্গে আরও কয়েকজন বড় নাম যুক্ত হওয়ার কথা রয়েছে।

মূলত পাইপলাইন সমৃদ্ধ করার লক্ষ্যেই এইচপি ইউনিটকে ঢেলে সাজানোর এই উদ্যোগ নিয়েছে বিসিবি। বোর্ড সংশ্লিষ্টদের ধারণা, এইচপি ইউনিটকে নতুন করে সাজানোর ফলে এখন আর আলাদা করে ‘বাংলাদেশ টাইগার্স’ প্রোগ্রামের প্রয়োজন হবে না। ওই প্রোগ্রামের প্রধান কোচের দায়িত্বে ছিলেন সোহেল ইসলাম।

নতুন পরিকল্পনা অনুযায়ী, এইচপি ইউনিটের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তার সঙ্গে সিনিয়র কোচ হিসেবে যুক্ত হতে পারেন সোহেল ইসলাম।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘এইচপিতে আমরা নতুন সেটআপ আনছি। সালাহউদ্দিন ভাই ও সোহেল ভাই সেখানে যোগ দেবেন।’

এইচপির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘আমরা ব্যাটিং ও পেস বোলিং কোচের সন্ধান করছি। আগামী কয়েক দিনের মধ্যে সভাপতি এ বিষয়ে আলোচনা করবেন। এইচপি ইউনিটকে শক্তিশালী করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

জানা গেছে, ব্যাটিং কোচের দৌড়ে রাজিন সালেহ অন্যতম প্রার্থী হিসেবে রয়েছেন। সালাহউদ্দিন আগামী জুনে দায়িত্ব বুঝে নিতে পারেন। অন্যদিকে, আমিনুল ইসলাম বুলবুলের কমিটিতে বিসিবি পরিচালক হিসেবে কাজ করা আব্দুর রাজ্জাক দুই বছরের চুক্তিতে আসতে পারেন।

এ প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘চুক্তির মেয়াদ এখনো চূড়ান্ত হয়নি, তবে সম্ভবত এটি দুই বছরের হবে। মৌখিকভাবে কথা চূড়ান্ত হয়েছে, সই করার পরই সব পরিষ্কার হবে।’