লাঞ্চ বিরতির পর তুমুল বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি

ক্রীড়া প্রতিবেদক

লাঞ্চ বিরতির সময় আকাশ হয়ে গেল ঘন কালো, অল্প আলোতে তখন খেলা শুরুর আভাস ছিল কম। লাঞ্চ বিরতি শেষ হলেও আর খেলা শুরু হলো না, ততক্ষণে মিরপুরে ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। তাতে দ্বিতীয় সেশন নিয়ে জেগেছে শঙ্কা।

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থায় আছে বাংলাদেশ। সোমবার চতুর্থ দিনে লাঞ্চ বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৯৩ রান। প্রথম ইনিংসে ২৭ রানের লিড থাকায় হাতে ৮ উইকেট নিয়ে ১২০ রানে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তরা।

সকালের শুরুতে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামকে হারানোর পর ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে ভরসা দিচ্ছেন শান্ত ও মুমিনুল। দুজনেই ক্রিজে থিতু, রান আসছে জুতসই গতিতে।

তবে বৃষ্টি বাংলাদেশের মোমেন্টাম কিছুটা ব্যাহত করল। এই পরিস্থিতিতে ভারি বর্ষণ থেমে কখন খেলা শুরু হবে বলা কঠিন।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান।