মিরপুর টেস্ট

দুই ওপেনারের বিদায়ের পর শান্ত-মুমিনুলের প্রতিরোধ

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় ইনিংসেও কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। দুই ওপেনারের ব্যর্থতার পর জুটি বেঁধে লিড বাড়াচ্ছেন তারা। 

সোমবার মিরপুর টেস্টের লাঞ্চ বিরতি পর্যন্ত ২ উইকেটে ৯৩ রান তুলেছে বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটিতে ৭০   রান তুলে অবিচ্ছিন্ন আছেন তারা। প্রথম ইনিংসে ২৭ রানের সঙ্গে ৯৩  আরও রান যোগ করে ১২০ রানের লিড হয়ে গেছে স্বাগতিকদের। মুমিনুল ৩৭ ও শান্ত ৩৪ রান করে ক্রিজে আছেন।

বিনা উইকেটে ৭ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশের দুই ওপেনার শুরুতেই চাপে পড়েন। পাকিস্তানি বোলারদের আটসাট বোলিংয়ে রান বাড়াতে ধুঁকতে থাকেন তারা। ৬ষ্ঠ ওভারে মোহাম্মদ আব্বাসের শিকার হন মাহমুদুল হাসান জয়। ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউতে থামেন স্রেফ ৫ রান করে।

আরেক ওপেনার সাদমান ইসলাম থিতু হওয়ার চেষ্টা চালিয়েও সফল হননি। হাসান আলির আচমকা লাফানো বলে ব্যাট লাগিয়ে পয়েন্টে ধরা পড়েন ১০ রান করা বাঁহাতি ওপেনার। 

এরপর দুই অভিজ্ঞ মুমিনুল ও শান্ত প্রথম ইনিংসের মতই হাল ধরেন দলের। মুমিনুল ছিলেন অতি সতর্ক, ক্রিজ আঁকড়ে পড়ে থাকার দিকেই মন দেন তিনি। শান্ত আলগা বল পেলেই রানের চাকা রাখতে থাকেন সচল।