মিরপুর টেস্ট

সালমান-রিজওয়ানের জুটি ভাঙার পর বৃষ্টিতে খেলা বন্ধ

ক্রীড়া প্রতিবেদক

সকালের সেশনে চার উইকেট তুলে নিয়ে দারুণভাবে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। ব্যাটিং ধসে পড়া পাকিস্তান এরপর প্রতিরোধ গড়ে সালমান আলি আঘা আর মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে। রিজওয়ানকে থামিয়ে শতরানের এই জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। তবে এর পরই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে আছে।

রিজওয়ানের বিদায়ের সময় ৮৯.৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৩৪৯ রান। ষষ্ঠ উইকেটে ১৫৭ বলে ১১৯ রানের জুটি গড়েন সালমান ও রিজওয়ান।  বাংলাদেশের ৪১৩ রানের জবাবে হাতে ৪ উইকেট নিয়ে ৬৪ রানে পিছিয়ে আছে পাকিস্তান। 

লাঞ্চের পর নেমে সহজেই রান বাড়াতে থাকেন সালমান-রিজওয়ান। বাংলাদেশের বোলাররাও চাপ তৈরি করতে পারছিলেন না। নতুন বল নেওয়ার পর নাহিদ রানাকে তিন চার মেরে ফিফটি পেরিয়ে যান রিজওয়ান। পরে তাইজুলের ওপর চড়াও হয়ে খেলতে গিয়ে ভুল করে বসেন তিনি। তাইজুল লেংথ টেনে ধরায় বল আকাশে তুলে দেন রিজওয়ান। ৭৯ বলে ৫৯ রান করা রিজওয়ানের ক্যাচ ধরেন মাহমুদুল হাসান জয়।

রিজওয়ান ফিরলেও গলার কাঁটা হয়ে টিকে আছেন সালমান। শূন্য রানেই আউট হতে পারতেন তিনি। তাসকিন আহমেদের বলে কিপারের গ্লাভসে জমা পড়লেও সেটি 'নো' বল হওয়ায় বেঁচে যান তিনি।