বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে মাত্র দুই পেসার
ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। পেস বান্ধব কন্ডিশনে বৈশ্বিক আসরে স্কোয়াডে আছেন মাত্র দুই পেসার। তবে প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন স্বীকার করেছেন, তাদের পাইপলাইনে দলে নেওয়ার মতো পর্যাপ্ত পেসারই নেই।
রোববার মিরপুরে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় মেয়েদের বিশ্বকাপের দল। দলে খুব একটা চমক নেই, শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন শারমিন সুলতানা। তার জায়গায় নেওয়া হয়েছে তাজ নেহারকে। প্রধান নির্বাচকের ভাষায় যিনি তুলনামূলক 'আগ্রাসী' ব্যাটার।
ডানহাতি পেসার মারুফা আক্তারের সঙ্গে আছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। এর বাইরে রিতু মনি অনিয়মিত মিডিয়াম পেস বল করেন। ইংল্যান্ডের কন্ডিশনে এত কম পেসার রাখা সম্পর্কে সাজ্জাদের সরল স্বীকারোক্তি, ‘পাইপলাইনে আসলে দলে নেওয়ার মতো কোন পেসার নেই। তারচেয়ে বরং কারা ভালো বোলার সেই হিসেব করে দল বাছাই করেছি আমরা।’
বিশ্বকাপের আগে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে দলটি ২৫ মে এডিনবার্গের উদ্দেশে রওনা হবে। এরপর তারা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোর জন্য লাফবরোর যাবে। ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মুশতারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুহাইরিয়া ফেরদৌস, তাজ নেহার।
বাংলাদেশের ম্যাচে সূচি
- ১৪ জুন, বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, এজবাস্টন, বার্মিংহাম
- ১৭ জুন, অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, হেডিংলি, লিডস
- ২০ জুন, পাকিস্তান বনাম বাংলাদেশ, হ্যাম্পশায়ার বোল, সাউদাম্পটন
- ২৫ জুন, ভারত বনাম বাংলাদেশ, ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড, ম্যানচেস্টার
- ২৮ জুন, দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন