মিরাজ-তাসকিনের তোপে বাংলাদেশের দারুণ সেশন
হতাশায় মোড়ানো দ্বিতীয় দিনে বেড়েছিলো দুশ্চিন্তা, এলোমেলো বোলিংয়ে ব্যাকফুটে চলে গিয়েছিলো বাংলাদেশ। তবে তৃতীয় দিন সকালে নেমেই দারুণ বোলিংয়ে আলো ছড়ালেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
রোববার মিরপুরে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা পাকিস্তান লাঞ্চ বিরতি পর্যন্ত তুলেছে ৫ উইকেটে ২৫১ রান। অর্থাৎ সকালের দুই ঘন্টায় ৭২ রান তুলতে ৪ উইকেট হারিয়েছে তারা। হারাতে পারত আরেকটি, তাসকিনের 'নো' বলে জীবন পেয়ে যান সালমান আলি আঘা।
প্রথম কয়েক ওভার কোন সুযোগ দিচ্ছিলো না তারা। তবে ধৈর্য্য না হারিয়ে একই জায়গায় বল করে সাফল্য পান তাসকিন। অভিষেকে সেঞ্চুরি করা আজান আওয়াইস তাসকিনের বলে ধরা দেন স্লিপে।
খানিক পর পাকিস্তান অধিনায়ক শান মাসুদকেও ফেরান তিনি। শান ড্রাইভ করেছিলেন, তার নিচু ক্যাচ পয়েন্টে দারুণ দক্ষতায় লুফেন সাদমান ইসলাম।
ঠিক পরের ওভারে ক্রিজে আসা সাউদ শাকিলকে কাবু করেন মিরাজ। মিরাজের বলে সুইপ করতে গিয়ে পরাস্ত হওয়া সাউদ এলবিডব্লিউ হয়েছেন, রিভিউ নিয়েও লাভ হয়নি। ২২৭ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান।
পরের ওভারেই সালমান আলি আঘাকে শূন্য রানে লিটন দাসের ক্যাচে পরিণত করেছিলেন তাসকিন। উদযাপনও সেরে ফেলেছিলেন তিনি। কিন্তু পরে দেখা যায় এটি 'নো বল'। শূন্য রানে জীবন পাওয়া সালনান ১২ রান করে ক্রিজে আছেন, ৮ রান করে তার সঙ্গী মোহাম্মদ রিজওয়ান।