মিরপুর টেস্ট

দ্রুত তিন উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরালেন তাসকিন-মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

আগের দিনটি ছিলো বেশ হতাশার। এলোমেলো বল করে সুবিধা করতে পারছিলেন না বাংলাদেশের বোলাররা। পাকিস্তানি টপ অর্ডারদের সাবলীল ব্যাটিংয়ে বাড়ছিলো চাপ। তবে তৃতীয় দিন সকালের সেশনে দলকে খেলায় ফিরিয়েছেন তাসকিন আহমেদ। তার সঙ্গী যোগ দিয়ে উইকেট তুলেছেন মেহেদী হাসান মিরাজও। 

১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান অনায়াসে পেরিয়ে যায় দুইশো। প্রথম কয়েক ওভার কোন সুযোগ দিচ্ছিলো না তারা। তবে ধৈর্য্য না হারিয়ে একই জায়গায় বল করে সাফল্য পান তাসকিন। অভিষেকে সেঞ্চুরি করা আজান আওয়াইস তাসকিনের বলে ধরা দেন স্লিপে। 

খানিক পর পাকিস্তান অধিনায়ক শান মাসুদকেও ফেরান তিনি। শান ড্রাইভ করেছিলেন, তার নিচু ক্যাচ পয়েন্টে দারুণ দক্ষতায় লুফেন সাদমান ইসলাম।

ঠিক পরের ওভারে ক্রিজে আসা সাউদ শাকিলকে কাবু করেন মিরাজ। মিরাজের বলে সুইপ করতে গিয়ে পরাস্ত হওয়া সাউদ এলবিডব্লিউ হয়েছেন, রিভিউ নিয়েও লাভ হয়নি। ২২৭ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। 

মিরাজ পরে আব্দুল্লাহ ফজলকেও ফিরিয়ে দেন ফাঁদে ফেলে। অভিষিক্ত তরুণ ফিফটি করেছিলেন, খেলছিলেন দায়িত্ব নিয়ে। মিরাজ একটু লেন্থ টেনে তাকে সামনে এগিয়ে খেলতে প্রলুব্ধ করেন। স্টেপ আপ করে উড়াতে গিয়ে মিড অনে তাইজুল ইসলামের হাতে জমা পড়েন ৬০ রান করা বাঁহাতি ব্যাটার। ২৩০ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।