মিরপুর টেস্ট

উইকেট ছুঁড়ে দিলেন লিটন-মিরাজ, জন্মদিনে রান বাড়াচ্ছেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

মুমিনুল হক বলেছিলেন দ্বিতীয় দিনের প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ, বড় পুঁজি গড়তে হলে উইকেট হারানো চলবে না। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ উইকেট ছুঁড়ে দেওয়ায় সেই প্রত্যাশা পূরণ হয়নি। তবে অভিজ্ঞ মুশফিকুর রহিম নিজের জন্মদিনে দলের ভরসা হয়ে রান বাড়াচ্ছেন।

শনিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের সেশনে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান যোগ করেছে বাংলাদেশ। ৭ উইকেটে ৩৮০ রান করে লাঞ্চ বিরতিতে গেছে স্বাগতিক দল। মুশফিক ৭১ রান করে ক্রিজে আছেন, তার সঙ্গী ইবাদত হোসেন রানের খাতা খুলেননি।

আগের দিনের ধারায় সকালে অনায়াসে রান বাড়াতে থাকেন মুশফিক-লিটন। প্রথম ঘণ্টায় তেমন কোনো সুযোগ দেননি তারা। মুশফিক এগুচ্ছিলেন সতর্ক পথে, লিটনের ছিল রান বাড়ানোর তাড়া। সেটা করতে গিয়েই কাঁটা পড়েন কিপার ব্যাটার। মোহাম্মদ আব্বাসের অফ স্টাম্পের বাইরের শর্ট বল অহেতুক পুল করতে গিয়ে মিড অফে ধরা দেন ৫ চারে ৩৩ রান করা লিটন।

মেহেদী হাসান মিরাজ ক্রিজে এসেও ছিলেন ছটফট। আব্বাসকে পুলে ছক্কায় উড়িয়ে পাঞ্চ করে চার মারতে গিয়ে তুলে দেন সহজ ক্যাচ। ১২ বলে ১০ রান করে ফেরেন তিনি।

দ্রুত দুই উইকেট হারানোর পর টেল এন্ডার তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে ২৪ রান যোগ করেন মুশফিক। ২ চারে ২৩ বলে ১৭ করে আব্বাসের বাউন্সারে উইকেটের পেছনে ক্যাচ দেন তাইজুল।

সকালে ৩ উইকেটে ৩০১ রান নিয়ে শুরু করে বাংলাদেশ। আরও ৩৭ রান যোগ করে বিদায় নেন লিটন। তাতে পঞ্চম উইকেটে ভাঙে মুশফিক-লিটনের ৬২ রানের জুটি। অলরাউন্ডার মিরাজ এসে টিকেছেন স্রেফ ১২ বল। ১৬ রানের জুটিতে দুই অঙ্ক স্পর্শ করেই বিদায় নেন তিনি। তাইজুল থিতু হয়েও রান বাড়াতে পারেননি।