প্রথম ঘণ্টায় দুই ওপেনারকে হারালো বাংলাদেশ
টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসারদের মুভমেন্টে শুরু থেকেই ধুঁকতে থাকলেন বাংলাদেশের দুই ওপেনার। পরাস্ত হলেন বারবার, পেলেন জীবনও। তবে শেষ পর্যন্ত থিতু হতে পারেননি তারা। সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়কে প্রথম ঘণ্টাতেই হারালো স্বাগতিক দল।
বাঁহাতি শাহীন আফ্রিদি ও ডানহাতি মোহাম্মদ আব্বাস মিলে শুরু করেন বোলিং আক্রমণ। দুজনেই গতির চেয়ে বল মুভ করানোর দিকে মন দেন। মুভমেন্টে বারবার পরাস্ত হতে থাকেন সাদমান-জয়। শাহীনের বলে ব্যক্তিগত ৪ রানে জয় স্লিপে ক্যাচ দিয়েছিলেন। অভিষিক্ত আবদুল্লাহ ফজল সেই ক্যাচ ফেলে দেন। কিন্তু জীবন কাজে লাগাতে পারেননি ডানহাতি ব্যাটার।
আরও ৪ রান যোগ করে শাহীনের বলেই বিদায় তার। হালকা মুভ করা বল খোঁচা মেরে কিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে জমা পড়েন ১৯ বলে ৮ রান করা জয়।
একাদশ ওভারে হাসান আলি বল করতে এসেই ছাঁটেন সাদমানকে। তার বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে স্লিপে ধরা দেন ৩০ বলে ১৩ রান করা সাদমান। ৩১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ঘণ্টায় ১৩ ওভার ব্যাট করে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে তুলতে পারে ৩৮ রান।